প্রেমিকাকে বিয়ে আর ১০ লক্ষ টাকার জেদ! বারণ করায় ঘুমন্ত বাবার মাথায় গুলি, চণ্ডীগড়ে চাঞ্চল্য!

প্রেমিকাকে বিয়ে করার ব্যাকুলতা এবং বাবার কাছে ১০ লক্ষ টাকার জেদ। কিন্তু আইনের কথা স্মরণ করিয়ে ‘না’ বলেছিলেন বাবা। আর সেই আক্রোশেই নিজের বাবাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করল ১৮ বছরের এক নাবালক ছেলে! চণ্ডীগড়ের সেক্টর ২২-এর সরকারি আবাসন থেকে উদ্ধার করা হয়েছে চণ্ডীগড় পুলিশের অ্যাকাউন্টস ব্রাঞ্চের কনস্টেবল নিতিন সিংয়ের রক্তাক্ত দেহ। মর্মান্তিক এই ঘটনায় স্তম্ভিত পুরো এলাকা।

কী ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিতিন সিং চণ্ডীগড় পুলিশের সদর দফতরে কর্মরত ছিলেন। বেশ কিছু দিন ধরেই তাঁর ১৮ বছর বয়সি ছেলে আরমান নিজের বান্ধবীকে বিয়ে করার জন্য মা-বাবার ওপর চরম চাপ সৃষ্টি করছিল। শুধু তাই নয়, বিয়ের খরচের জন্য বাবার কাছে এককালীন ১০ লক্ষ টাকাও দাবি করে সে।

কিন্তু ভারতীয় আইন অনুযায়ী ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর। নিতিনবাবু ছেলেকে বুঝিয়ে বলেছিলেন, “আইনত ২১ বছর বয়স হোক, সাবালক হলে তবেই বিয়ে কোরো।” কিন্তু জেদি ছেলের তা পছন্দ হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নিয়ে বাবা-ছেলের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়। এর পর শুক্রবার মর্মান্তিক পরিণতি সামনে আসে।

বাবার পর মাকেও খুনের চেষ্টা: তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাবার মাথায় গুলি চালিয়ে তাঁকে ঘটনাস্থলেই হত্যা করে আরমান। ঘটনাটি ঢাকার চেষ্টা করতে সে তার মায়ের ওপরেও চড়াও হয়। অভিযোগ, বাবার মাথায় গুলি চালানোর পর মায়ের গলা টিপে ধরে তাঁকে খুনের চেষ্টা করে অভিযুক্ত। তবে কোনো মতে ছেলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাড়ির ছাদে উঠে চিৎকার করতে থাকেন ওই মহিলা। তাঁর চিৎকারে ছুটে আসেন আশেপাশের প্রতিবেশীরা।

তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য: ঘটনার পর অপরাধ ঢাকতে এক অদ্ভুত নাটক সাজায় অভিযুক্ত আরমান। প্রতিবেশীদের সামনে সে দাবি করার চেষ্টা করে যে, বাইরে থেকে কোনো অচেনা লোক বাড়িতে ঢুকে তার বাবাকে খুন করে পালিয়েছে! কিন্তু পুলিশি জেরার মুখে বেশিক্ষণ টিকতে পারেনি সে। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং অভিযুক্ত নাবালককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, বাবাকে খুন করার পরও অভিযুক্তের চোখেমুখে কোনো অনুশোচনা বা অপরাধবোধের ছাপ দেখা যায়নি। চণ্ডীগড় পুলিশ ঘটনার পেছনে অন্য কোনো আড়াল করা কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *