নারীদের সুরক্ষায় জঘন্য অপরাধীদের ছাড় নয়! কোচবিহারের বৈঠকে আর কী নির্দেশ দিলেন শুভেন্দু?

সীমান্ত সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কোচবিহার জেলায় নতুন করে ২১০ একর জমি বিএসএফ (BSF)-কে হস্তান্তর করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। দেশকে সুরক্ষিত রাখতে সবার আগে সীমান্ত সুরক্ষিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।
এর আগেও তিন ধাপে সীমান্তরক্ষী বাহিনীর হাতে বিপুল পরিমাণ জমি তুলে দিয়েছে রাজ্য সরকার। সেই জমিতে ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। ওপার থেকে নানা বাধা সত্ত্বেও জওয়ানরা সেই কাজ এগিয়ে নিয়ে চলেছেন। এদিনের বৈঠকে সীমান্তে অপরাধ দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহার জেলায় অবৈধ মাদকপাচার এবং গাঁজা-আফিমের চাষ রুখতে পুলিশ ও প্রশাসনকে কড়া হাতে দমনপীড়নের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। অবৈধ নেশার চাষ মাটির সঙ্গে মিশিয়ে পুড়িয়ে দিতে হবে এবং এর সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা দায়ের করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। গোটা জেলায় সর্বাত্মক নেশামুক্ত অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
পাশাপাশি, নারী ও শিশুদের সুরক্ষার প্রশ্নেও কঠোর মনোভাবের কথা পুনর্ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। সাহেবগঞ্জে এক নাবালিকার সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিশু, বোন কিংবা মহিলাদের দিকে যারা আঙুল তুলবে, তাদের সেই আঙুল ভেঙে দিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ স্বাধীন ও কঠোরভাবে পদক্ষেপ করার বার্তা দিয়েছেন তিনি।