মাঝ সেপ্টেম্বরে ফের আবহাওয়ার মেজাজ বদল! মৎস্যজীবীদের জন্য জরুরি নির্দেশিকা জারি করল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল ক্রমশ শক্তি বাড়িয়ে এগোচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা এই সিস্টেমটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সহ একাধিক উপকূলবর্তী অঞ্চলে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, এই নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উপকূলের জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

কোন কোন জেলায় জারি হয়েছে সতর্কতা?

  • দক্ষিণবঙ্গ: মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি থাকতে পারে।

  • উত্তরবঙ্গ: সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও, বুধবার থেকে সেখানেও ঝড়বৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মৎস্যজীবীদের জন্য কড়া নিষেধাজ্ঞা: পরিস্থিতি বিবেচনা করে বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যাতায়াতের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এবং ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের সম্পূর্ণ বারণ করা হয়েছে। আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী, আগামী কয়েকদিন সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *