ব্রেন স্ট্রোক জয় করে ফিরেছিলেন কাজে, ফের আচমকা আঘাত! না-ফেরার দেশে প্রখ্যাত জাতীয় সাংবাদিক

জাতীয় সংবাদমাধ্যমের পরিচিত মুখ এবং CNN-News18-এর অ্যাসিস্ট্যান্ট এডিটর পায়েল মেহতা আর নেই। রবিবার ভোরে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৪৬ বছর বয়সী এই জ্যেষ্ঠ সাংবাদিক। শনিবার গভীর রাতে মুম্বই সফর চলাকালীন আচমকা মারাত্মক অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তাঁর আকস্মিক প্রয়াণে স্তম্ভিত দেশের রাজনৈতিক ও সাংবাদিকতার মহল।
দেশীয় রাজনীতি ও সংসদীয় খবরের জগতে অত্যন্ত সুপরিচিত নাম ছিলেন পায়েল মেহতা। তাঁর মৃত্যুর খবর ছড়াতেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ বহু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (টুইটার) হ্যান্ডেলে গভীর শোক ব্যক্ত করে লেখেন, “পায়েল মেহতা জি একজন অত্যন্ত কঠোর পরিশ্রমি সাংবাদিক ছিলেন। তিনি সব সময় মাটির কাছাকাছি থেকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরতেন। কাজের বাইরে তাঁর ব্যক্তিত্ব ও উষ্ণ ব্যবহারের জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।”
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর সংসদীয় সাংবাদিকতার নিষ্ঠা স্মরণ করে লেখেন, ভোর থেকে মাঝরাত পর্যন্ত সংসদে থেকে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে খবর সংগ্রহ করতেন পায়েল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও তাঁর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
১৫ বছরের উজ্জ্বল সাংবাদিকতা সফর: ২০০৮ সালে বাণিজ্যনগরী মুম্বইয়ে ক্রীড়া সাংবাদিক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন পায়েল। পরবর্তীতে তিনি রাজনৈতিক ও জাতীয় সাংবাদিকতায় প্রবেশ করেন। প্রায় দেড় দশকের পেশাগত জীবনে Focus TV, NewsX, Republic TV, Asian News International (ANI) এবং সর্বশেষ CNN-News18-এ অ্যাসিস্ট্যান্ট এডিটর পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। সংসদ ভবন, কেন্দ্র সরকারের নীতিগত সিদ্ধান্ত ও মেগা রাজনৈতিক কভারেজে তাঁর বিশেষ পারদর্শিতা ছিল।
মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও কাজ চালিয়ে গিয়েছেন পায়েল। গত ১৫ সেপ্টেম্বর ভারতে ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্রের টাস্ক ফোর্স গঠনের এক্সক্লুসিভ খবর করেছিলেন তিনি। এর আগে মেটা (Meta) কর্তৃক শিশুদের সুরক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য সরবরাহের সিদ্ধান্ত কিংবা আসন্ন ব্রিকস (BRICS) সম্মেলনের খবর—সবক্ষেত্রেই তাঁর কাজ সমাদৃত হয়েছে।
প্রায় দেড় বছর আগে একবার গুরুতর ব্রেন স্ট্রোক হলেও সুস্থ হয়ে দুর্দান্তভাবে সংবাদ পরিবেশনায় ফিরে এসেছিলেন তিনি। তবে রবিবার ভোরে তাঁর এই আচমকা চলে যাওয়া সংবাদ জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।