পকেট থেকে বের করতে হবে না ডেবিট-ক্রেডিট কার্ডও! ভারতে পা রাখতে চলা অ্যাপলের এই নতুন পরিষেবা নিয়ে জানুন সবটা

আর প্রয়োজন হবে না ফিজিক্যাল কার্ডের! অক্টোবরেই ভারতে চালু হতে চলেছে Apple Tap and Pay পরিষেবা

স্মার্টফোন ব্যবহারকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে অ্যাপলের বহুচর্চিত পেমেন্ট ফিচার ‘অ্যাপল পে’ (Apple Pay)। একাধিক বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকেই ভারতে এই অত্যাধুনিক ‘ট্যাপ অ্যান্ড পে’ (Tap and Pay) ব্যবস্থা চালু হয়ে যেতে পারে। প্রাথমিকভাবে অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) ক্রেডিট কার্ডের মাধ্যমে এই পরিষেবা শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

কীভাবে কাজ করবে এই নতুন পেমেন্ট সিস্টেম?

২০১৪ সালে প্রথম মার্কিন মুলুকে আত্মপ্রকাশ করেছিল অ্যাপল পে। তবে দীর্ঘদিন ভারতীয় বাজারে এই পরিষেবা উপলব্ধ ছিল না। নতুন এই প্রযুক্তির মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের আর সঙ্গে কোনো ফিজিক্যাল ডেবিট বা ক্রেডিট কার্ড রাখার প্রয়োজন হবে না। নিজের ফোনের ওয়ালেটে কার্ডের সমস্ত তথ্য সুরক্ষিত রাখতে হবে। এরপর যেকোনো পেমেন্ট টার্মিনাল বা পিওএস (POS) মেশিনের সামনে শুধু আইফোনটি ধরলেই (ট্যাপ করলেই) নিমেষে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। অ্যাপলের দাবি, পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ এনক্রিপটেড হওয়ায় তথ্য চুরির বা লিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই।

প্রাথমিকভাবে অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বাঁধলেও, খুব শীঘ্রই এইচডিএফসি (HDFC) এবং আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের মতো অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিও এই পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারে বলে জানা গিয়েছে।

হঠাৎ কেন ভারতে পা রাখছে অ্যাপল?

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতে আইফোন ব্যবহারকারীর সংখ্যা রাতারাতি বৃদ্ধি পেয়েছে। আগে অ্যাপলের প্রোডাক্ট শুধুমাত্র উচ্চবিত্তদের নাগালের মধ্যে থাকলেও, বর্তমানে মধ্যবিত্ত এমনকি নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যেও ইএমআই-এর মাধ্যমে আইফোন কেনার প্রবণতা ব্যাপকহারে বেড়েছে। দেশের বিশাল এই ক্রেতা বাজারকে টার্গেট করতেই এবার পেমেন্ট পরিষেবায় পা রাখতে চলেছে টেক জায়ান্ট অ্যাপল। বিশেষ করে দেশে ইউপিআই লেনদেনের নিয়মে নতুন করে চার্জ বা এমডিআর (MDR) যুক্ত হওয়ার জল্পনার মাঝেই অ্যাপলের এই পদক্ষেপ ভারতীয় ডিজিটাল পেমেন্ট বাজারে বড়সড় হাওয়া তুলতে পারে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *