সুইমিংপুলে ফুলকস্টিউমে নেমে চমকে দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল! ভিডিও দেখেই তাজ্জব নেটপাড়া

সুইমিংপুলে সাঁতার কেটে তাক লাগালেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, বিশ্বভারতীর পুলে উপাচার্যকে সঙ্গে নিয়ে জমজমাট আসর

খাস বিশ্বভারতীর সুইমিংপুলে সাঁতার কেটে সবাইকে চমকে দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। শিল্পোৎসব উপলক্ষে বিশ্বভারতীর সুইমিং পুল ম্যানেজমেন্ট কমিটি ও কর্মী সঙ্ঘের যৌথ উদ্যোগে এক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল এবং বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ।

তবে শুধু অতিথি হিসেবে উপস্থিত থাকাই নয়, প্রতিযোগিতায় উৎসাহ জোগাতে হঠাৎই সাঁতারের পোশাকে জলে নেমে পড়েন মন্ত্রী। চোখে সাঁতারু চশমা ও কস্টিউম পরে তাঁর এই সাবলীল সাঁতার কাটা দেখে রীতিমতো অবাক হয়ে যান উপস্থিত আধিকারিক, সাঁতার প্রতিযোগী থেকে শুরু করে খোদ উপাচার্যও। মন্ত্রীর এমন অন্যরকম রূপ দেখে হাততালি দিয়ে তাঁকে উৎসাহ জোগাতে শুরু করেন সকলে। উপস্থিত অনেকেই তাঁদের মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেন সেই দৃশ্য।

গ্রামীণ পটভূমি থেকে উঠে আসা প্রবীণ এই নেতা জানান, তিনি আদতে গ্রামের ছেলে। ছোটবেলায় গ্রামের পুকুরে সাঁতার কেটে এবং স্নান করেই বড় হয়েছেন। তাই বিশ্বভারতীর সাঁতার প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি এবং পুরনো দিনের অভ্যাসে জলের টানেই নেমে পড়েছিলেন সাঁতার কাটতে। প্রবীণ মন্ত্রীর এমন সাদামাটা ও প্রাণোচ্ছ্বল স্বভাব ইতিমধ্যেই নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবারের মতো বিধানসভায় পা রাখা এই নেতার এমন ভিন্নধর্মী উপস্থিতি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *