‘আমেরিকাকে খুশি করতে ইউপিআই-এ ট্যাক্স বসাচ্ছে কেন্দ্র!’ মোদিকে সরাসরি ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল গান্ধী

UPI মারফত ২০০০ টাকা পর্যন্ত লেনদেনকে মাশুলহীন রাখার নির্দেশ দিলেও, নির্দিষ্ট অঙ্কের বেশি লেনদেনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। আর এই আবহেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে ‘কম্প্রোমাইজ়ড’ বলে আক্রমণ করে তাঁর দাবি, চুপিসাড়ে UPI লেনদেনের উপর মাশুল চাপানোর রাস্তা করে দেওয়া হয়েছে।

রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগ

সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে রাহুল গান্ধী লেখেন যে, ২০০০ টাকার বেশি লেনদেনে এমডিআর (MDR) ধার্য করা হতে পারে। তাঁর কথায়, সংখ্যার বিচারে এগুলি মোট লেনদেনের মাত্র ৫ শতাংশ হলেও, UPI-এর মাধ্যমে হওয়া মোট লেনদেনের অর্থমূল্যের প্রায় ৬৫ শতাংশই এর অন্তর্ভুক্ত। সরকার গ্রাহকদের কাছ থেকে সরাসরি মাশুল না নেওয়ার কথা বললেও, দোকানদারদের উপর চাপানো সেই মাশুলের বোঝা শেষ পর্যন্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকেই কাটা হবে বলে অভিযোগ করেছেন তিনি।

আমেরিকার পেমেন্ট কোম্পানিগুলি গোড়া থেকেই ভারতের জিরো-MDR নীতির বিরোধিতা করে আসছে উল্লেখ করে রাহুলের দাবি, আমেরিকার চাপের কাছেই ফের নতিস্বীকার করেছেন প্রধানমন্ত্রী।

কংগ্রেসের সর্বাত্মক আক্রমণ

কেন্দ্রের এই নীতি পরিবর্তনের জেরে সোচ্চার হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও। তাঁর অভিযোগ, আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির জেরে সাধারণ মানুষের এমনিতেই পকেট খালি হয়ে যাচ্ছে, আর তার মধ্যেই বিজেপি সরকার ডিজিটাল পেমেন্টের ওপর ট্যাক্স বসিয়ে মানুষের অবশিষ্ট সঞ্চয়টুকুও শেষ করার ফন্দি আঁটছে। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ২০০০ টাকা পর্যন্ত লেনদেন এবং রুপে ডেবিট কার্ডে কোনো মাশুল না নেওয়ার কথা বলা হলেও, তার বেশি অংকের লেনদেন নিয়ে স্পষ্ট কিছু না জানানোয় রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *