“অন্তর্বাসে হাত দিতেই চটলেন সৃজলা”-‘বিগ বস’-এর ঘরে রাজবীরের চরম অসভ্যতা

‘বিগ বস’ বাংলা সিজন ৩ শুরু হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই ড্রামা ও বিতর্কের পারদ চড়চড়িয়ে বাড়ছে। ঘরের সদস্যরা দিন দিন যেন আরও উগ্র রূপ ধারণ করছেন। গত সপ্তাহেই ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বিগ বসের ঘরে পা রেখেছেন রাজবীর। তবে ঘরের বেশিরভাগ সদস্যই তাঁকে খুব একটা পছন্দ করছেন না, যার জেরে প্রতিদিনই কারও না কারও সঙ্গে তাঁর ঝামেলা লেগেই রয়েছে। তবে সোমবার রাতে যা ঘটল, তা রীতিমতো তুলকালাম কাণ্ড! রাজবীর ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহর ব্যক্তিগত অন্তর্বাস ছুঁয়ে ফেলায় ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী।
বাথরুম পরিষ্কার করতে গিয়েই বিপত্তি:
ঘটনার সূত্রপাত বাথরুম সাফাইকে কেন্দ্র করে। চলতি সপ্তাহে স্নানঘর পরিষ্কারের দায়িত্ব পড়েছে রাজবীরের ওপর। কাজ করতে গিয়ে বাথরুমের বাইরের সোফায় রাখা সৃজলার অন্তর্বাস ও জামাকাপড়ে হাত দিয়ে ফেলেন রাজবীর। না বলে ব্যক্তিগত পোশাকে হাত দেওয়া এবং অন্যান্য প্রতিযোগীদের সামনে তা নিয়ে প্রশ্ন তোলায় রাজবীরের ওপর রেগে কাঁই হয়ে যান সৃজলা। রাজবীর যখন জামাটি তুলে জিজ্ঞেস করেন ‘এগুলো কার?’, তখন মেকআপে ব্যস্ত মানামী বলে ওঠেন, ‘ছুঁড়ে ফেলে দে, শুনছে না যখন!’ এরপর রাজবীর পোশাকটি সেখানে ফেলে দিলে সৃজলার মেজাজ আরও চড়ে যায়।
রাজবীরের মানসিকতা নিয়ে প্রশ্ন সৃজলার:
ব্যক্তিগত জিনিসপত্রে না বলে হাত দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজবীরের সঙ্গে তুমুল তর্কে জড়িয়ে পড়েন সৃজলা। রাজবীরের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে সহ-প্রতিযোগী নন্দিনীর উদ্দেশ্যে সৃজলা চিৎকার করে বলেন, “আমার জামাকাপড়ে হাত দেবে না। কেন হাত দেবে?” অন্যদিকে রাজবীরও নিজের অবস্থানে অনড় থেকে পাল্টা প্রশ্ন করেন, “তোমার জামাকাপড় কেন দুই দিন ধরে এখানে এভাবে পড়ে থাকবে?”
রান্নাঘরে গিয়ে নোংরা আলোচনার বিস্ফোরক অভিযোগ:
তবে সৃজলার ক্ষোভ শুধু অন্তর্বাস ছোঁড়াতেই সীমাবদ্ধ থাকেনি। তিনি রাজবীরের বিরুদ্ধে আরও একটি বিস্ফোরক অভিযোগ তোলেন। সৃজলা দাবি করেন, বাথরুম থেকে বেরিয়ে রাজবীর সোজা রান্নাঘরে যান এবং দুর্নিবারের সামনে তাঁর ব্যক্তিগত অন্তর্বাস নিয়ে নোংরা আলোচনা ও হাসাহাসি করেন। সৃজলার কথায়, “কিচেন কাউন্টারে এসে দুর্নিবারের সামনে ও আমাকে বলছে তোমার জিনিসগুলো সরিয়ে নাও! একটা মেয়ের অন্তর্বাস নিয়ে অন্য পুরুষের সামনে কথা বলছে!”
এখানেই শেষ নয়, রাজবীরের পুরনো কীর্তি মনে করিয়ে দিয়ে সৃজলা ক্ষোভ উগরে দিয়ে জানান, এর আগেও রাজবীর মেয়েদের স্যানিটারি ন্যাপকিন অন্যকে দিয়ে ফেলানোর মতো অনুচিত কাজ করেছিলেন।
সব মিলিয়ে রাজবীর ও সৃজলার এই হাই-ভোল্টেজ বাকবিতণ্ডায় বিগ বসের ঘর রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে এবং নিজের ভুল বুঝতে পেরে সৃজলার কাছে ক্ষমা চেয়ে নেন রাজবীর, যার ফলে সাময়িকভাবে ঠান্ডা হয় বিগ বসের অন্দরমহল।