নিজের কেনা সম্পত্তি কি অন্য কাউকে লিখে দিতে পারেন মা-বাবা? পৈতৃক সম্পত্তির নিয়ম জানলে চোখ কপালে উঠবে!

সম্পত্তি নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল ও প্রশ্নের অন্ত থাকে না। যার মধ্যে সবচেয়ে জটিল এবং সবচেয়ে বেশি চর্চিত বিষয় হলো সম্পত্তির উত্তরাধিকার। প্রশ্ন জাগে, বাবা-মায়ের সম্পত্তির মালিক কি একমাত্র তাঁদের সন্তানরাই হন? নাকি ছেলে-মেয়ে বা পরিবারের বাইরে অন্য কারও নামেও সম্পত্তি করে দেওয়া সম্ভব? আইন ঠিক কী বলছে এই বিষয়ে, তা জেনে নেওয়া যাক।
আইনের সহজ ও স্পষ্ট উত্তর হলো, বাবা-মা তাঁদের নিজস্ব উপার্জিত বা স্ব-অর্জিত সম্পত্তি সন্তানকে না দিয়ে, অন্য যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দান করতেই পারেন। তবে পৈতৃক বা বংশানুক্রমিক সম্পত্তিতে যেহেতু সন্তানদের আইনগত জন্মগত অধিকার থাকে, তাই সেই সম্পত্তি সম্পূর্ণভাবে তৃতীয় কাউকে দিয়ে দেওয়া যায় না। মূলত সম্পত্তির ধরন বা উৎসের ওপর নির্ভর করেই নির্ধারিত হয় তার মালিকানার আইনি অধিকার।
স্ব-অর্জিত সম্পত্তির ক্ষেত্রে নিয়ম:
বাবা-মা যদি নিজেদের আয়ের টাকায় কোনো জমি, ফ্ল্যাট বা বাড়ি কিনে থাকেন, তবে সেটির সম্পূর্ণ এবং একক মালিক হন তাঁরা নিজেরাই। সেক্ষেত্রে তাঁরা যদি চান, তবে সন্তানদের সম্পূর্ণ বঞ্চিত করে সেই সম্পত্তি কোনো বন্ধু, দূর সম্পর্কের আত্মীয়, বা কোনো অনাথ আশ্রমের নামে দান করে দিতে পারেন। এই বিষয়ে সন্তানরা আইনগতভাবে কোনো বাধা সৃষ্টি করতে পারে না।
পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে নিয়ম:
যে সম্পত্তি দাদু বা ঠাকুর্দার আমল থেকে বংশানুক্রমে চলে আসছে, সেখানে সন্তানদের জন্মগত অধিকার সুরক্ষিত থাকে। এই ধরনের পৈতৃক সম্পত্তি থেকে বাবা-মা চাইলেই সন্তানদের বঞ্চিত করে পুরো অংশটি অন্য কাউকে লিখে দিতে পারেন না। এমনকি তৃতীয় কোনো ব্যক্তির নামে উইল বা দানপত্রও করা যায় না। পিতা-মাতা কেবল পৈতৃক সম্পত্তিতে তাঁদের নিজের নির্দিষ্ট অংশটুকুই হস্তান্তর করতে পারেন।
দান ও উইলের আইনি নিয়ম:
জীবিত থাকাকালীন বাবা-মা যদি নিজেদের কেনা সম্পত্তি রেজিস্ট্রি করে বা রেজিস্টার্ড দানপত্রের মাধ্যমে কাউকে লিখে দেন, তবে তাঁদের মৃত্যুর পর সেই রেজিস্টার্ড প্রাপকই সম্পত্তির একমাত্র মালিক হবেন। সন্তানরা পরবর্তীতে সেই সম্পত্তিতে কোনো আইনি দাবি বা তা ফেরত চাইতে পারে না।
অন্যদিকে, মৃত্যুর পর কার্যকর হওয়া উইলের ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে নিয়মের তারতম্য দেখা যায়। হিন্দু আইনে নিজের কেনা সম্পত্তি উইলের মাধ্যমে পুরোটাই বাইরের কাউকে দিয়ে দেওয়া যায়। তবে মুসলিম আইনে উইলের মাধ্যমে মোট সম্পত্তির সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ মাত্র বাইরের কাউকে দেওয়া সম্ভব, বাকি অংশ সন্তান বা আইনসম্মত উত্তরাধিকারীদের দেওয়া আইনিভাবে বাধ্যতামূলক।