‘যা কাল চেয়েছিলাম, আজ তা অপ্রয়োজনীয় কেন?’ হঠাৎ কেন এমন গভীর আক্ষেপের সুর সলমন খানের গলায়?

বলিউডের ‘ভাইজান’ সলমন খানকে নিয়ে চর্চা হবে না, এমনটা হয় না। তবে গত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অসুস্থতার খবর ঘিরে অনুরাগীদের মধ্যে উৎকণ্ঠা চরমে পৌঁছেছে। এই স্বাস্থ্যচিন্তার আবহেই এবার সোশাল মিডিয়ায় একটি গভীর ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করে নতুন করে শোরগোল ফেলে দিলেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিশেষ রিল শেয়ার করেছেন সলমন, যার প্রচ্ছন্ন অর্থ খুঁজে বের করতে এখন মরিয়া তাঁর ভক্তকুল।
সাধারণত সোশাল মিডিয়ায় এই ধরনের দর্শনের পাঠ দেওয়া বা অন্যদের তৈরি রিল শেয়ার করা সলমনের স্বভাববিরুদ্ধ। তাই তাঁর এই আচমকা পোস্টটি নেটিজেনদের আলাদা করে নজর কেড়েছে। সলমনের শেয়ার করা সেই ভিডিও বার্তাটিতে লেখা রয়েছে, “যখন অল্প পেয়েছিলাম, তখন খুশি ছিলাম। এখন বেশি পাচ্ছি, তাতে দুঃখ কেন? যা আমি কাল চেয়েছিলাম, আজ তা পাওয়ার পরে অপ্রয়োজনীয় কেন হয়ে উঠল?”
জীবন, সুখ, প্রাপ্তি আর অপূর্ণ চাহিদার এই গভীর সমীকরণ নিয়েই সাজানো হয়েছে বার্তাটি। যা পাওয়ার জন্য একসময় তীব্র আগ্রহ থাকে, প্রাপ্তির পর খুব দ্রুত মানুষ তাতে অভ্যস্ত হয়ে পড়ে এবং নতুন কোনও কিছুর পেছনে ছুটতে শুরু করে—মানসিকতার এই আবহমান সত্যেরই প্রতিচ্ছবি ফুটে উঠেছে সলমনের শেয়ার করা বার্তায়। তবে উৎসবের আবহে দাঁড়িয়ে তিনি কেন হঠাৎ এমন জীবনের পাঠ নিলেন, তার কোনও ব্যাখ্যা দেননি তারকা নিজেই। ফলে এর পেছনে ব্যক্তিগত জীবনের কোনো আক্ষেপ রয়েছে নাকি সাম্প্রতিক কোনো ঘটনার প্রতিক্রিয়া, তা নিয়ে বলিপাড়ায় জল্পনা তুঙ্গে।
উল্লেখ্য, বর্তমানে ‘বিগ বস ২০’-র সঞ্চালনার দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলাচ্ছেন সলমন, যার নতুন মরসুমের সূচনা হয়েছে গত ৬ সেপ্টেম্বর। এর পাশাপাশি তাঁর হাতে রয়েছে একাধিক মেগা প্রজেক্ট। চিত্রাঙ্গদা সিংয়ের বিপরীতে ‘মাতৃভূমি’ ছবির পাশাপাশি প্রযোজক দিল রাজুর প্যান-ইন্ডিয়া অ্যাকশন ছবি ‘মনস্টার’-এ নয়নতারার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। সব মিলিয়ে কর্মব্যস্ততার মাঝেই সলমনের এই দার্শনিক পোস্ট ভক্তদের মনে এক নতুন কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে।