ইনস্টাগ্রামে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত বিজ্ঞাপন কাণ্ড! অবশেষে বড় পদক্ষেপ করতে বাধ্য হল মেটা

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আরও নিরাপদ করে তুলতে কেন্দ্র যখন লাগাতার কড়া পদক্ষেপ করছে, ঠিক তখনই শিশুদের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত গুরুতর বিষয় এবং যৌন নির্যাতন-সংক্রান্ত ঘটনাগুলি উপযুক্ত আইনপ্রয়োগকারী সংস্থাকে রিপোর্ট করতে সম্মত হয়েছে মেটা (Meta)। সরকারি সূত্র উদ্ধृत করে সিএনএন-নিউজ১৮ (CNN-News18)-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রের কড়া নজরদারি ও মেটার সম্মতি
সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ভারতে কাজ করা যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে শিশুদের অনলাইন নিরাপত্তা একটি “মৌলিক নীতি” এবং এর সঙ্গে কোনোভাবেই কোনো আপস করা হবে না। ক্ষতিকর তথ্যের প্রচার রুখতে সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্র। সরকারি সূত্রের দাবি, শিশুদের নিরাপত্তা সংক্রান্ত এই ধরনের অপরাধমূলক ঘটনা আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানোর বিষয়ে মেটার এই সম্মতি স্রেফ একটি “প্রথম পদক্ষেপ” মাত্র। শিশুদের যৌন নির্যাতন ও শোষণ সংক্রান্ত কনটেন্ট যাতে আগেভাগেই শনাক্ত করে প্ল্যাটফর্ম থেকে চিরতরে মুছে ফেলা যায়, সে বিষয়ে অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলির সঙ্গেও জোরকদম আলোচনা চালাচ্ছে সরকার। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত প্ল্যাটফর্ম শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় পদক্ষেপ করবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইনস্টাগ্রামে বিজ্ঞাপন বিতর্ক ও কেন্দ্রের নোটিস
ইনস্টাগ্রামের মাধ্যমে শিশুদের যৌন শোষণ এবং নির্যাতন সংক্রান্ত কনটেন্টে প্রবেশের সুযোগ করে দেওয়া বা সেই সংক্রান্ত বিজ্ঞাপন প্রচারের অভিযোগ ওঠার পর থেকেই মেটার ওপর কেন্দ্রীয় সরকারের নজরদারি তীব্র হয়। বিবিসির একটি বিস্ফোরক তদন্তে দাবি করা হয়েছিল, ভারতে ইনস্টাগ্রামে প্রায় ৩০টি পৃথক বিজ্ঞাপন পাওয়া গেছে যেগুলিতে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত শব্দ ব্যবহার করে ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু টেলিগ্রাম চ্যানেলে পাঠানো হচ্ছিল।

এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) মেটাকে কড়া নোটিস পাঠায়। অবিলম্বে সেই সমস্ত আপত্তিকর বিজ্ঞাপন ও কনটেন্ট নিষ্ক্রিয় করার নির্দেশ দেওয়ার পাশাপাশি, কীভাবে এই ধরনের বিজ্ঞাপন প্ল্যাটফর্মে অনুমোদিত হলো, তা নিয়ে মেটার কাছে বিস্তারিত ব্যাখ্যা তলব করা হয়।

মেটার সাফাই ও এনসিপিসিআরের তলব
ইনস্টাগ্রামের কিছু বিজ্ঞাপন যে তাদের নিজস্ব নীতিমালা লঙ্ঘন করেছিল, তা স্বীকার করলেও ইচ্ছাকৃতভাবে বা জেনেশুনে এই ধরনের কনটেন্ট দিয়ে ব্যবহারকারীদের টার্গেট করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মেটা। সংস্থার দাবি, শিশুদের প্রতি অনুপযুক্ত আগ্রহের ভিত্তিতে এই ধরনের বিজ্ঞাপন দেখানোর দাবি একেবারেই সঠিক নয়। পরবর্তীতে বিষয়টি সামনে আসায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR) এবং জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)-ও তদন্তে নামে। ৯ সেপ্টেম্বর এনসিপিসিআর-এর সামনে হাজিরা দিয়ে নিজেদের ব্যাখ্যা পেশ করেন মেটা ইন্ডিয়ার আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *