‘জানতাম না বাইকে মহিলা ছিলেন!’ তরুণীকে ধাক্কা মেরে গাড়ি থেকে নামিয়ে কী সাফাই দিলেন অভিযুক্ত চালক?

গুরুগ্রামের রাস্তায় তরুণী বাইকারকে গাড়ি নিয়ে তাড়া করা এবং সজোরে ধাক্কা মারার চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তুমুল তোলপাড় চলছে। ভাইরাল হওয়া সেই ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে মুখ খুললেন অভিযুক্ত গাড়িচালক কল্যাণ বৈঁসলা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করে কল্যাণের দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে মোটরবাইকটিকে ধাক্কা মারেননি এবং বাইকে যে একজন মহিলা সওয়ার ছিলেন, তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি।
কী দাবি করলেন অভিযুক্ত কল্যাণ বৈঁসলা?
রবিবার সকালে খুড়তুতো ভাইকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান কল্যাণ। তাঁর দাবি, দুটো মোটরবাইক বারবার তাঁর গাড়িকে ওভারটেক করছিল এবং ওভারটেক করার পরেই হুট করে গাড়ির সামনে এসে গতি কমিয়ে দিচ্ছিল। কল্যাণ বৈঁসলা বলেন, “আমি ইচ্ছে করে ওদের ধাক্কা মারিনি। তবে ওই তরুণী আহত হয়েছেন বলে আমি সত্যিই দুঃখিত।”
বাইকারদের হেলমেটে থাকা ক্যামেরায় তোলা ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছিল, একটি গাড়ি বিপজ্জনকভাবে তাঁদের তাড়া করছে এবং একপর্যায়ে তরুণীর বাইকে সজোরে ধাক্কা মেরে চলে যাচ্ছে। এই প্রসঙ্গে কল্যাণের পাল্টা দাবি, ভাইরাল ভিডিওতে সব সত্যিটা দেখানো হচ্ছে না, বরং একটি নির্দিষ্ট অংশ কেটে প্রচার করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়ে তিনি দাবি করেন, মোটরবাইকটি কোনো ব্যাক-ভিউ মিররে না তাকিয়েই হুট করে দিক পরিবর্তন করেছিল, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে।
তিনি আরও যোগ করেন, “ধরে নিলাম সংঘর্ষটা দুর্ঘটনাবশত ঘটেছে। আমি মেনে নিচ্ছি একটা ভুল হয়ে গেছে। কিন্তু বাইকটিতে যে একজন মহিলা ছিলেন, ধাক্কা লাগার মুহূর্তে আমি তা একেবারেই জানতাম না।” পরিবারের সম্মানহানি হচ্ছে দাবি করে কল্যাণ জানান, অতীতে তাঁর নামে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না।
তরুণীর বয়ান ও পুলিশের পদক্ষেপ
যদিও কল্যাণের এই আত্মপক্ষ সমর্থনের সঙ্গে নির্যাতিতা তরুণী ও তাঁর সহ-বাইকারদের বয়ানের আকাশ-পাতাল তফাত রয়েছে। তাঁদের স্পষ্ট দাবি, গাড়িটি ইচ্ছা করেই তাদের তাড়া করছিল এবং শেষ পর্যন্ত সজোরে গা ঘেঁষে এসে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার পর আরেকটি রেড সিগন্যালে গাড়িটি থামলেও কল্যাণ প্রতিবাদ না শুনে দ্রুত চম্পট দেন। ইতিমধ্যেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ। অন্যদিকে, আহত তরুণী বাইকার আইনি লড়াইয়ের পথে হেঁটে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়ের করার হুশিয়ারি দিয়েছেন।