রাস্তায় বাস রাখলেই দিতে হবে ৭০০ টাকা! বাস মালিকদের ওপর কড়া প্রশাসনিক খাঁড়া নামালেন অর্জুন সিং!

এবার থেকে রাতে যত্রতত্র রাস্তার ধারে বাস বা মিনিবাস দাঁড় করিয়ে রাখা যাবে না। নির্দিষ্ট গ্যারেজ বা নির্ধারিত পার্কিং জোন ছাড়া যথেচ্ছভাবে বাস রাখলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। রাজ্যের বেসরকারি বাস ও মিনিবাস মালিকদের ওপর লাগাম টানতে এমনই এক কড়া নির্দেশিকা আনতে চলেছে রাজ্য পরিবহন দফতর।

উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বাস পার্কিংয়ের নতুন এই নিয়মের কথা প্রকাশ্যে আনেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। খুব শীঘ্রই পরিবহন দফতরের পক্ষ থেকে এই মর্মে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট গ্যারেজ বাদ দিয়ে যাঁরা রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে রাখবেন, তাঁদের প্রতিদিন পরিবহন দফতরকে ‘নাইট পার্কিং’ বাবদ ৭০০ টাকা করে দিতে হবে।

আমলাতন্ত্র ও প্রশাসন নিয়ে কড়া বার্তা

এদিন অনুষ্ঠানমঞ্চ থেকে কেবল পরিবহণ ব্যবস্থার কড়াকড়িই নয়, আমলাতন্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়েও বড় মন্তব্য করেন অর্জুন সিং। তাঁর স্পষ্ট বার্তা, সরকার চালাতে গিয়ে রাজনৈতিক নেতাদের কখনও পুরোপুরি ব্যুরোক্রেসির ওপর নির্ভরশীল হয়ে বসে থাকলে চলবে না। মন্ত্রীদের সবসময় আরও বেশি সজাগ ও সক্রিয় থাকার পরামর্শ দিয়ে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিটি সরকারি দফতরের খোলনলচে বদলে ফেলার ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন। পরিবহণ দফতরেও অদক্ষ ডিরেক্টরকে সরিয়ে আইএএস (IAS) অফিসার আনার ফলে এখন কাজের গতি অনেকটাই বেড়েছে বলে দাবি করেন তিনি।

পাশাপাশি, বর্ধমানে বাস ধর্মঘটের জট কাটার একটি সাম্প্রতিক উদাহরণ দিয়ে মন্ত্রী জানান, সমস্যা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সচিবকে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং পরিস্থিতি সামাল দেওয়া হয়।

খেলার মাঠ ও ক্রীড়া সংস্কৃতি নিয়ে আক্ষেপ

এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় অর্জুন সিংকে। অতীতে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে যেভাবে একের পর এক কৃতি খেলোয়াড় তৈরি হতো, আগের সরকারের উদাসীনতায় তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এমনকি কলকাতার প্রধান মাঠগুলিও বহিরাগতদের দখলে চলে যাচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করে জেলা ও শহরতলি থেকে নতুন প্রতিভা তুলে আনার ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন পরিবহনমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *