পেয়ারা দিয়েও হয় লোভনীয় তরকারি! নাম শুনলে নাক সিঁটকালেও একবার খেলে প্রেমে পড়ে যাবেন

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার—এসব বেশ পরিচিত রূপ। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্যই নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল রয়েছে। তৈরি হয় ব্যতিক্রমী সব ঝাল, টক ও মিষ্টি পদও।

তেমনই একটি ভিন্নধর্মী রান্না হলো পেয়ারার টক-মিষ্টি তরকারি। নাম শুনেই হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, পেয়ারা দিয়ে আবার তরকারি হয় নাকি! তবে একবার রান্না করে খেলে স্বাদের এই অভিনব মিশ্রণ আপনার বেশ ভালো লাগবে। পেয়ারার নিজস্ব হালকা মিষ্টি স্বাদের সঙ্গে মসলা, ঝাল ও টক উপাদান মিশে তৈরি হয় দারুণ স্বাদের একটি লোভনীয় পদ।

উপকরণ:

পেয়ারা টুকরা: ২ কাপ

তেল: ২ টেবিল চামচ

মরিচের গুঁড়া: আধা চা চামচ

জিরা: আধা চা চামচ

মেথি দানা: ১ চা-চামচের ৪ ভাগের ১ ভাগ

হলুদ গুঁড়া: ১ চা-চামচের ৪ ভাগের ১ ভাগ

ধনে গুঁড়া: ২ চা চামচ

মৌরি গুঁড়া: ১ চা চামচ

লবণ: আধা চা চামচ

আদা: ১ টেবিল চামচ

লেবুর রস: ১ চা চামচ

চিনি: ২ টেবিল চামচ

ধনে পাতা কুচি: ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি:
প্রথমে পেয়ারা ভালোভাবে ধুয়ে নিন। পেয়ারার ভেতরের বীজ শক্ত হলে তা ফেলে দিন এবং পছন্দমতো টুকরো করে কেটে নিন। এবার একটি সসপ্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। তেল গরম হলে জিরা, মেথি দানা, মৌরি গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ ও লাল মরিচের গুঁড়া দিয়ে অল্পক্ষণ নেড়ে মসলাগুলো ভালোভাবে ভেজে নিন।

এরপর এতে কুচি করা আদা ও পেয়ারার টুকরোগুলো দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ নেড়ে ১ কাপ পানি দিয়ে দিন। এবার প্যানটি ঢেকে মৃদু আঁচে রান্না করুন। পেয়ারা নরম হয়ে এলে ঢাকনা খুলে দেখে নিন, যেন পেয়ারা একেবারে গলে না যায়।

এরপর স্বাদ অনুযায়ী আমচুর গুঁড়া বা লেবুর রস দিন। সঙ্গে পরিমাণমতো চিনি দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে আরও কয়েক মিনিট রান্না করুন। ঝাল, টক ও মিষ্টির স্বাদ নিজের পছন্দ অনুযায়ী কম-বেশি করে নিতে পারেন। সবশেষে কুচি করা ধনেপাতা ছড়িয়ে দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিন এবং পাত্রটি আরও কয়েক মিনিট ঢেকে রাখুন। এতে মসলার ঘ্রাণ ও স্বাদ পেয়ারার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে।

এবার পাত্র থেকে নামিয়ে গরম গরম পুরি, পরোটা কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন এই ব্যতিক্রমী ও সুস্বাদু টক-মিষ্টি পেয়ারার তরকারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *