উড়ানের কয়েক ঘণ্টা আগে রহস্যমৃত্যু! এয়ার ইন্ডিয়ার পাইলটের নিথর দেহ উদ্ধার হোটেল থেকে

কয়েক ঘণ্টার মধ্যেই বিমান নিয়ে আকাশে ওড়ার কথা ছিল। কিন্তু তার আগেই দিল্লির একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হলো এক এয়ার ইন্ডিয়া পাইলটের অচৈতন্য ও নিথর দেহ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দিল্লির বসন্ত কুঞ্জের একটি হোটেলে। মুম্বইয়ের বাসিন্দা ওই পাইলট কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস থেকে এয়ার ইন্ডিয়ায় যোগ দিয়েছিলেন। তাঁর পরিবারেও বিমান পরিবহণের সঙ্গে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে, বাবা কেবিন ক্রু এবং ভাইও পেশায় একজন পাইলট।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ওই পাইলটের ভাই বারবার তাঁকে ফোন করলেও কোনো সাড়া পাননি। সন্দেহ হওয়ায় তিনি সরাসরি হোটেলের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন। সেই সময় পাইলটের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এরপর অতিরিক্ত চাবি দিয়ে ম্যানেজারের সহায়তায় ঘরের ভেতরে প্রবেশ করা হয়। ভেতরে ঢুকে দেখা যায়, বিছানার ওপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওই পাইলট। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ এবং বিমান সংস্থা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উড়ানের ঠিক কয়েক ঘণ্টা আগে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাইলটের এই হঠাৎ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এই আকস্মিক ঘটনায় এয়ার ইন্ডিয়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *