সাবেক ওএসডি-র বাড়ি থেকে মিলল বান্ডিল বান্ডিল টাকা! ইডি হানার পরেই বিস্ফোরক পদত্যাগ কংগ্রেস নেতার

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা হরিশ রাওয়াত দলের সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। তাঁর প্রাক্তন ওএসডি তথা ব্যক্তিগত সহকারী চন্দন সিং জিনার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি এবং বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আসন্ন উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ২০১৬ সালের উত্তরাখণ্ড অধীনস্থ পরিষেবা নির্বাচন কমিশনের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে চন্দন সিং জিনার বাসভবনে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। এই তল্লাশিতে তাঁর বাড়ি থেকে প্রায় ৩২ লক্ষ টাকার হিসাববহির্ভূত নগদ অর্থ, ২০০.৫ গ্রাম সোনা (যার মধ্যে ১৩টি সোনার কয়েন ও ৭টি সোনার চেন রয়েছে) এবং ১২টি দামি ঘড়ি উদ্ধার করা হয়েছে।

এই ঘটনার পরেই দলের অন্দরে ও বাইরে অস্বস্তি এড়াতে বড় পদক্ষেপ করেন হরিশ রাওয়াত। তিনি জানান, তাঁর ব্যক্তিগত সহযোগীর বিরুদ্ধে হওয়া এই ইডি অ্যাকশনের জেরে যাতে কংগ্রেসের দুর্নীতিবিরোধী রাজনৈতিক লড়াই কোনোভাবেই দুর্বল না হয়, সেই কারণেই তিনি নিজে থেকেই সরে দাঁড়াচ্ছেন। উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সদস্য এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য— এই দুটি পদ থেকেই তিনি ইস্তফা দিয়েছেন।

তবে পদ ছাড়লেও ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সরাসরি মেনে নেননি বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। তাঁর দাবি, এই অভিযোগের সত্যতা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে এবং সঠিক তদন্ত সম্পন্ন হলেই প্রকৃত সত্য সামনে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *