আমেরিকার রক্তচাপ বাড়িয়ে বড় ঘোষণা ব্রিকস শীর্ষ সম্মেলনে! নিজ মুদ্রায় লেনদেনেই কি পালটে যাবে বিশ্ব অর্থনীতি?

বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের দীর্ঘদিনের আধিপত্য ও একক নির্ভরতা কমাতে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে ব্রিকস ভুক্ত দেশগুলো। দিল্লি সামিটের মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্টভাবে সদস্য দেশগুলোকে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের জন্য স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ডলারের ওপর থেকে নির্ভরতা পুরোপুরি ঝেড়ে ফেলতে এবার এক নতুন এবং শক্তিশালী আন্তঃসীমান্ত আর্থিক ব্যবস্থা গড়ে তোলার ভাবনা শুরু হয়েছে।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ব্রিকস দেশগুলোর নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা (CBDC) এবং দ্রুত পেমেন্ট ব্যবস্থাগুলোকে একসূত্রে বাঁধার বিকল্পগুলো নিয়ে জোরকদমে আলোচনা চলছে। ভারতে যেমন ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই ডিজিটাল লেনদেনে বিপ্লব ঘটিয়েছে, ঠিক তেমনি ব্রিকস দেশগুলোর অভ্যন্তরীণ পেমেন্ট সিস্টেমগুলোকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বারবার ডলারের ওপর ভরসা না রেখে নিজ নিজ দেশীয় মুদ্রাতেই আন্তর্জাতিক বাণিজ্যের হিসাব নিকাশ চুকিয়ে ফেলা সম্ভব হবে।

শুধু তাই নয়, প্রতিটি বাণিজ্যের জন্য আলাদাভাবে অর্থ পরিশোধের ঝক্কি কমাতে একটি যৌথ নেট সেটেলমেন্ট ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। এর ফলে একটি নির্দিষ্ট সময়কালের সামগ্রিক আমদানি ও রপ্তানির পার্থক্য বিচার করেই কেবল চূড়ান্ত আর্থিক লেনদেন সম্পন্ন হবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বহুলাংশে কমিয়ে দেবে। চলতি ব্রিকস শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ অন্যান্য রাষ্ট্রনেতারাও ডলারের একাধিপত্য ভাঙতে নিজস্ব মুদ্রায় বাণিজ্যের এই ধারণাকে জোরালো সমর্থন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *