ডাল রান্নার এই সহজ নিয়মটা না জানলে সব পুষ্টি উবে যাবে! শেফ পঙ্কজ ভাদৌরিয়ার গোপন টিপস জানুন

বাঙালি হোক বা অবাঙ্গালি, প্রতিদিনের পাতে ডাল থাকবে না এমনটা ভাবাই যায় না। উদ্ভিজ্জ প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপাদানে ভরপুর ডাল আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পেশি শক্তিশালী করতে এবং ওজন নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে। তবে পুষ্টিবিদ এবং তারকা শেফ পঙ্কজ ভাদৌরিয়ার মতে, ভারতীয়দের একটি বড় অংশই প্রতিদিন ডাল রান্নার সময় এমন কিছু সাধারণ ভুল করে থাকেন, যার ফলে ডাল থেকে শরীরের প্রয়োজনীয় পুষ্টিগুণটুকুও ঠিকমতো শোষিত হয় না।
ডাল রান্নার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলটি হয় ভেজানোর প্রক্রিয়া এবং রান্নার জলে। শেফ পঙ্কজ ভাদৌরিয়া পরামর্শ দিচ্ছেন, রান্নার আগে ডাল ভালো করে ধুয়ে অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখা বাধ্যতামূলক। এরপর সেই ভেজানো জল ফেলে দিয়ে একেবারে পরিষ্কার জলে ডাল সেদ্ধ করতে হবে। কারণ, ভেজানো জলে থাকা ফাইটিক অ্যাসিড নামক পুষ্টি-বিরোধী উপাদান শরীরকে আয়রন, জিঙ্ক এবং ক্যালসিয়াম শোষণ করতে বাধা দেয়।
পাশাপাশি, ডাল সেদ্ধ করার সময় ওপরের দিকে যে সাদা ফেনা জমে, তা তুলে ফেলে দেওয়ার কথাও বলেছেন তিনি। ওই ফেনায় স্যাপোনিন ও অন্যান্য অপদ্রব্য থাকে, যা হজমে মারাত্মক বাধা সৃষ্টি করে এবং পেটে ভারী ভাব বা গ্যাসের সমস্যা তৈরি করে। ফেনা তুলে ফেলার পরেই কেবল লবণ ও হলুদ মিশিয়ে প্রেশার কুকারে রান্না সম্পূর্ণ করার সঠিক নিয়ম বাতলে দিয়েছেন এই মাস্টারশেফ। ডালের পুষ্টিগুণ ১০০ শতাংশ পেতে এবং গ্যাসের সমস্যা এড়াতে আজ থেকেই হেঁসেলে বদলে ফেলুন এই রান্নার পদ্ধতি।