পাউরুটি থেকে চিপস— খাবার কেনার আগে সাবধান! মোড়কের সামনেই বাধ্যতামূলক হচ্ছে এই বিশেষ লেবেল?

প্যাকেটজাত খাবারের ক্ষতিকর উপাদান নিয়ে এবার চরম কড়াকড়ি শুরু করল দেশের সর্বোচ্চ আদালত। চর্বি, অতিরিক্ত চিনি ও লবণের মতো উদ্বেগজনক পুষ্টি উপাদানগুলি সম্পর্কে সাধারণ ক্রেতাদের সতর্ক করতে প্যাকেটের সামনের অংশে স্পষ্ট লেবেল বা ‘ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং’ (FoPL) ব্যবস্থা চালুর বিষয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত ব্যাখ্যা তলব করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ পরিষ্কার নির্দেশ দিয়েছে যে, শিশুদের মধ্যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে, তা রোধ করতে স্কুলগুলির পাঠ্যক্রমে পুষ্টি-বিষয়ক সচেতনতা ও সাক্ষরতা কীভাবে যুক্ত করা হবে, তা কেন্দ্রকে স্পষ্টভাবে জানাতে হবে।

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI-এর পক্ষ থেকে এই লেবেলিং ব্যবস্থাটি ধাপে ধাপে কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যাতে একদিকে যেমন ক্রেতারা সহজে বুঝতে পারেন, তেমনই খাদ্য প্রস্তুতকারক সংস্থাও উপাদান পরিবর্তনের জন্য কিছুটা সময় পায়। তবে এই দুই পর্যায়ের বাস্তবায়নের নির্দিষ্ট কোনো সময়সীমা বা সময়সূচি না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। শীর্ষ আদালতের সাফ বার্তা, শিল্পখাতের সুবিধা বা সময় নেওয়ার অজুহাতে জনস্বাস্থ্য নিয়ে কোনো অনিশ্চয়তা রাখা যাবে না। এই নির্দেশিকা অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যে FSSAI-কে একটি সুনির্দিষ্ট ও বৈজ্ঞানিকভাবে সমর্থিত হলফনামা জমা দিতে হবে। আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *