“আসছে পরপর ৩টি ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়!”-৪৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী

আসন্ন বর্ষা পরবর্তী মরশুমে উত্তর ভারত মহাসাগরে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। সংস্থার প্রকাশ করা সাম্প্রতিক বৈজ্ঞানিক মডেল অনুযায়ী, চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই অঞ্চলে তিনটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ঝড়গুলির সম্ভাব্য শক্তি বা ধ্বংসক্ষমতা গত ৪৪ বছরের গড়ের তুলনায় প্রায় ৮৩ শতাংশ বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময়ের আবহাওয়া সংক্রান্ত তথ্য, সমুদ্রের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় পরিবর্তন বিশ্লেষণ করে এই বিশেষ পূর্বাভাস তৈরি করা হয়েছে। বিজ্ঞানের ভাষায় যাকে ‘পাওয়ার ডিসিপেশন ইনডেক্স’ বা শক্তির অপচয় সূচক বলা হয়, তা বিচার করেই গবেষকরা এই আশঙ্কার কথা শুনিয়েছেন। এই সূচক মূলত কোনো ঝড়ের বাতাসের তীব্রতা, স্থায়িত্ব এবং তার সামগ্রিক শক্তিকে পরিমাপ করে। স্বাভাবিকভাবেই আসন্ন ঝড়গুলি শুধু সংখ্যায় নয়, বরং তাদের তাণ্ডব চালানোর ক্ষমতা আগের অনেক রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে।

যদিও এই দীর্ঘমেয়াদী পূর্বাভাসে নির্দিষ্ট কোনো ঝড় ঠিক কোন দিন বা কোন উপকূলে আছড়ে পড়বে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করা হয়নি। তবে সামগ্রিক পরিস্থিতির গুরুত্ব বুঝে এখন থেকেই উপকূলবর্তী রাজ্যগুলির প্রশাসন, আবহাওয়া দপ্তর এবং দুর্যোগ মোকাবিলা দলগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সমুদ্রের গভীরের পরিস্থিতি এবং সামুদ্রিক বায়ুর গতিপ্রকৃতির ওপর সমানে নজর রাখছেন আবহাওাবিজ্ঞানীরা, যাতে সম্ভাব্য বিপদ এড়াতে মৎস্যজীবী ও উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি আগে থেকেই সেরে রাখা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *