FD-তে -এ 8.5% পর্যন্ত সুদ, প্রবীণ নাগরিকদের বাম্পার রিটার্ন দিচ্ছে কোন কোন ব্যাঙ্ক?

অবসর জীবনের সঞ্চয়কে সুরক্ষিত রাখতে এবং নিয়মিত আয়ের পথ নিশ্চিত করতে ফিক্সড ডিপোজিট বা এফডি (FD)-কে এখনও সবচেয়ে ভরসাযোগ্য মাধ্যম বলে মনে করেন প্রবীণ নাগরিকরা। সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণদের জন্য ব্যাঙ্কগুলি সাধারণত কিছুটা বেশি সুদের হার অফার করে থাকে। বর্তমান বাজারে বেশ কিছু স্মল ফিনান্স ব্যাঙ্ক ও বাণিজ্যিক ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য এফডিতে আকর্ষণীয় সুদের অফার নিয়ে এসেছে, যেখানে সুদের হার সর্বোচ্চ ৮.৫০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
স্মল ফিনান্স ব্যাঙ্কে সবচেয়ে বেশি সুদ
প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হারের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে একাধিক স্মল ফিনান্স ব্যাঙ্ক। ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক, ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কে সর্বোচ্চ ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ মিলছে। এছাড়া জন স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কে সর্বোচ্চ ৮.৩০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। শিবালিক এবং উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কে এই হার সর্বোচ্চ ৮.২৫ শতাংশ, এউ স্মল ফিনান্স ব্যাঙ্কে ৭.৯০ শতাংশ এবং স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্কে সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।
বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পরিস্থিতি
বেসরকারি ও অন্যান্য ব্যাঙ্কের মধ্যে এসবিএম ব্যাংক ইন্ডিয়াতে সর্বোচ্চ ৮.১৫ শতাংশ, ডিসিবি ব্যাঙ্কে ৮ শতাংশ এবং বন্ধন ব্যাঙ্কে ৭.৯৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। ইন্দাসইন্ড ব্যাংক এবং ইয়েস ব্যাংকে সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদ মিলছে। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে ব্যাংক অফ ইন্ডিয়া সর্বোচ্চ ৭.৪৫ শতাংশ এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক ৭.৩৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৭.০৫ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে থাকেন। বিদেশি ব্যাঙ্কগুলির মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে সর্বোচ্চ ৭.১০ শতাংশ এবং ডয়চে ব্যাঙ্কে ৭ শতাংশ পর্যন্ত সুদের সুযোগ রয়েছে।
বিনিয়োগের আগে যে বিষয়গুলি মাথায় রাখা দরকার
ঝুঁকি এড়াতে টাকা ভাগ করুন: সমস্ত সঞ্চয় একটিমাত্র ব্যাঙ্কে না রেখে বিভিন্ন ব্যাঙ্কে ভাগ করে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ।
বিমার সুরক্ষা: ভারতের নিয়ম অনুযায়ী, ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC)-এর আওতায় প্রতিটি ব্যাঙ্কে একজন আমানতকারীর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষিত থাকে। তাই বড় অঙ্কের টাকা একাধিক ব্যাঙ্কে বন্টন করে রাখলে ঝুঁকি অনেকটাই কমে যায়।
মেয়াদ ও তারল্য: শুধুমাত্র বেশি সুদের লোভ দীর্ঘমেয়াদি এফডি করার আগে জরুরি প্রয়োজনের কথা মাথায় রাখা উচিত। যেকোনো সময় টাকার প্রয়োজন পড়তে পারে, তাই সেই অনুযায়ী মেয়াদের সময়সীমা বেছে নেওয়া অত্যন্ত জরুরি।