“বাংলায় আসছে DRDO-র মেগা ডিফেন্স প্রজেক্ট!”-বিরাট বিনিয়োগে বদলে যাচ্ছে রাজ্যের ভাগ্য

রাজ্যে একের পর এক বড় বিনিয়োগ এবং ডিফেন্স প্রজেক্ট নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সল্টলেক সিটি সেন্টারের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি জানান, পূর্ব মেদিনীপুরের জুনপুটে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO-এর একটি বড় প্রজেক্ট আসছে। দেশের সুরক্ষার কথা মাথায় রেখে এটি একটি অত্যন্ত বড় পদক্ষেপ বলে দাবি করেছেন তিনি।
সল্টলেক সিটি সেন্টারের ওই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, বিগত চার মাসের নতুন সরকারের আমলে রাজ্যে একটি সম্পূর্ণ ‘বিজনেস ফ্রেন্ডলি’ বা ব্যবসা সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই আমুল, লাক্স ছাড়াও রাজ্যে বড় মাপের আইসক্রিম প্ল্যান্ট এবং অ্যান্টি ডেটা সেন্টার গড়ার কাজ এগোচ্ছে। এছাড়া আদানি গ্রুপের হাসপাতাল নিয়ে পরিকল্পনা চলছে এবং ব্যবসার সুবিধার জন্য ৩৩টি জমি ইতিমধ্যেই হস্তান্তরের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
শিল্প ও বিনিয়োগের প্রসারে শিল্পপতিদের সঙ্গেও যোগাযোগ বাড়ার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং গণেশ চতুর্থী উৎসবের পর তিনি নিজেই মুম্বই গিয়ে মুকেশ আম্বানি ও অনন্ত আম্বানির সঙ্গে দেখা করবেন। আম্বানি ও আদানি সহ দেশের তাবড় বিনিয়োগকারীরা এই সরকারের হাত ধরে বাংলার উন্নয়নে এগিয়ে আসতে চাইছেন বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি, এদিন রাজ্যের কর্মসংস্থান ও উৎপাদনের ক্ষেত্রে একটি বড় সাফল্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দুর্গাপুজোর ঠিক আগেই বাংলায় তৈরি হয়েছে পৃথিবীর সবথেকে বড় ‘ওয়ার্ডড্রোব’, যা ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর স্বীকৃতিও পেয়েছে। ওই সংস্থা আগামী ১৮ মাসের মধ্যে রাজ্যে আরও ১৪০টি নতুন স্টোর বা সেন্টার তৈরি করবে, যার ফলে প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া পুরুলিয়ায় সোলার প্ল্যান্ট তৈরির জন্য ওই সংস্থা ইতিমধ্যেই জমি কিনেছে বলে জানান মুখ্যমন্ত্রী।