তাক লাগানো দাবি! প্রতি বছর ৭ শতাংশ ইনক্রিমেন্ট পেলে মাত্র কেই বছরে দ্বিগুণ হবে বেতন? রইল হিসেব

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য একটি বড় খবর সামনে এসেছে। আসন্ন ৮ম বেতন কমিশন গঠন নিয়ে জল্পনার মাঝেই বার্ষিক ইনক্রিমেন্টের হার এক লাফে অনেকটাই বাড়ানোর জোরালো দাবি উঠেছে। বর্তমানের ৩ শতাংশ ইনক্রিমেন্টের হারকে বাড়িয়ে ৫ থেকে ৭ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন। এই প্রস্তাব কার্যকর হলে কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধির সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কর্মচারী সংগঠনগুলোর একাংশের যুক্তি, বর্তমান নিয়ম অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর, ৩ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট এবং মহার্ঘ ভাতা বা ডিএ মিলিয়ে একজন কর্মীর বেতন উল্লেখযোগ্য স্তরে পৌঁছাতে প্রায় ১০ বছর সময় লেগে যায়। এই দীর্ঘ অপেক্ষা এড়াতেই অল ইন্ডিয়া নিউ পেনশন স্কিম এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF) বার্ষিক ইনক্রিমেন্ট ৭ শতাংশ করার দাবি জানিয়েছে। তাদের দাবি, এই নিয়ম চালু হলে কেন্দ্রীয় কর্মীদের বেতন দ্বিগুণ হওয়ার জন্য পরবর্তী বেতন কমিশন পর্যন্ত অপেক্ষা করতে হবে না, বরং মাত্র ৬ থেকে ৭ বছরের মধ্যেই বেতন দ্বিগুণ হয়ে যাবে।

এছাড়া ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM), অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) এবং ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO)—এই তিনটি সংগঠন যৌথভাবে ৬ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্টের দাবি তুলেছে। অন্যদিকে, ইন্ডিয়ান রেলওয়েজ টেকনিক্যাল সুপারভাইজারস অ্যাসোসিয়েশন (IRTSA) কিছুটা আলাদা প্রস্তাব দিয়ে ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি সর্বোচ্চ ৪.০ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, ফিটমেন্ট ফ্যাক্টর এককালীন বেসিক পে-তে বড় ধরনের লাফ এনে দেয়, আর বার্ষিক ইনক্রিমেন্টের হার বাড়লে প্রতি বছরই বেতন ধাপে ধাপে বাড়তে থাকে। তবে এই সমস্ত হিসেব এবং দাবিদাওয়া বর্তমানে সম্পূর্ণভাবেই প্রস্তাবের পর্যায়ে রয়েছে। ৮ম বেতন কমিশন এই বিষয়ে ঠিক কী সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর ও ইনক্রিমেন্টের হার কত ধার্য করা হয়, তার ওপরই নির্ভর করছে কেন্দ্রীয় কর্মীদের চূড়ান্ত বেতন কাঠামো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *