আদা পচে জল হচ্ছে? মাত্র একটা ট্রিক্সে মাসের পর মাস থাকবে একদম টাটকা!

রান্নাঘরে আদার ব্যবহার প্রায় প্রতিদিনই রয়েছে। কিন্তু সমস্যা হলো, একসঙ্গে কিছুটা বেশি আদা কিনে আনলেই কয়েকদিনের মধ্যে তা নরম হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া কিংবা তাতে ছত্রাক ধরে যাওয়ার মতো ঘটনা ঘটে। তবে একটু কৌশল জানা থাকলে এই অতি প্রয়োজনীয় মশলাটি দুই থেকে তিন দিনের বদলে অনায়াসেই কয়েক সপ্তাহ পর্যন্ত একদম টাটকা রাখা সম্ভব।
যেভাবে রাখবেন ফ্রিজে
বাজার থেকে আদা কিনে এনেই না ধুয়ে সরাসরি ফ্রিজে রেখে দেওয়া একেবারেই ঠিক নয়। আদার গায়ে অতিরিক্ত জলীয় ভাব থাকলে তাতে খুব দ্রুত ছত্রাক জন্মায়। তাই আদা সবসময় শুকনো রাখা জরুরি। আদার গায়ে মাটি লেগে থাকলে ব্যবহারের ঠিক আগে প্রয়োজন মতো ধুয়ে নিলেই যথেষ্ট।
আদা দীর্ঘ সময় ভালো রাখার সবচেয়ে সহজ ও কার্যকারী উপায় হলো পেপার টাওয়েল কৌশল। আদার খোসা না ছাড়িয়ে গায়ে কোনও জল থাকলে তা পেপার টাওয়েল দিয়ে ভালো করে মুছে শুকনো করে নিন। এরপর শুকনো আদা একটি পেপার টাওয়েলে হালকা করে মুড়ে একটি এয়ারটাইট বা মুখ বন্ধ করা কন্টেনারে ভরে ফ্রিজের সবজি রাখার জায়গায় রেখে দিন। আমেরিকার কৃষি বিভাগের গাইডলাইন অনুযায়ী, এই পদ্ধতিতে আদা রাখলে তা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। আবার ঠিকমতো প্যাকে মুড়ে ফ্রিজে রাখলে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত এর গুণমান বজায় রাখা সম্ভব। অতিরিক্ত আর্দ্রতা আদা পচে যাওয়ার প্রধান কারণ, আর পেপার টাওয়েল সেই অতিরিক্ত জলীয় ভাব শুষে নিতে সাহায্য করে।
খোসা ছাড়ানোর সঠিক সময়
আদা সংরক্ষণের সময় কখনোই তা সঙ্গে সঙ্গে খোসা ছাড়িয়ে রাখা উচিত নয়। খোসা ছাড়ালে আদার ভেতরের অংশ সরাসরি বাতাসের সংস্পর্শে আসে, ফলে এর গুণমান দ্রুত নষ্ট হয়। রান্নায় ব্যবহারের ঠিক আগে প্রয়োজনমতো আদা নিয়ে খোসা ছাড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
দীর্ঘমেয়াদী সংরক্ষণের উপায়
আদা যদি কয়েক মাস পর্যন্ত ভালো রাখতে চান, তবে ফ্রিজ করে রাখাই সেরা উপায়। আদা গোটা, ছোট টুকরো করে, গ্রেট বা কুচি করে কিংবা পেস্ট বানিয়ে ফ্রিজারে সংরক্ষণ করা যায়। আইস কিউব ট্রেতে আদা পেস্ট জমিয়ে ছোট কিউব বানিয়ে রাখলে রান্নার সময় তা ব্যবহার করা খুবই সহজ হয়। বিশেষ করে ফ্রিজ থেকে বের করে বরফ গলানোর অপেক্ষা না করে সরাসরি গ্রেট করে তা চা বা তরকারিতে ব্যবহার করা সম্ভব।
নষ্ট আদা চেনার উপায়
আদা একটু শুকিয়ে গেলেই যে তা নষ্ট হয়ে গেছে এমন নয়। তবে আদা যদি অতিরিক্ত নরম বা থকথকে হয়ে যায়, তাতে ছত্রাক জন্মায়, রঙ বদলে যায় কিংবা খারাপ গন্ধ বের হয়, তবে তা ব্যবহার না করে ফেলে দেওয়াই নিরাপদ। কেনার সময়ও ভালো মানের আদা বেছে নেওয়া জরুরি। কেনার সময় খেয়াল রাখবেন আদা যেন শক্ত ও টানটান হয়, খোসা খুব বেশি কুঁচকানো না থাকে এবং তাতে কোনও পচা দাগ বা ছত্রাক না থাকে।
ছোট এই কৌশলগুলো মেনে চললে রান্নাঘরের আদা দীর্ঘদিন ভালো থাকবে, যা একাধারে যেমন খাবারের অপচয় কমাবে, তেমনই বাঁচাবে আপনার বাড়তি খরচও।