ফের কামব্যাক বর্ষার! ৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

রাজ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠছে সক্রিয় বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির দাপট বজায় থাকবে। মৌসুমি অক্ষরেখা ও একটি নতুন ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবেই মূলত আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়াতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে কলকাতার ক্ষেত্রে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর জেরে শহরের কিছু নিচু এলাকায় জল জমার সমস্যাও তৈরি হতে পারে।

শুধু দক্ষিণবঙ্গই নয়, দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর থেকে শুরু করে মধ্য উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা, দেহরি, পুরুলিয়া হয়ে দীঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় এই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *