খাবারে ভেজাল কাণ্ডের পরেই বড় পদক্ষেপ! এবার সরাসরি খাদ্য দফতরের কড়া নজরে বোতলবন্দি পানীয় জল

রেস্তোরাঁ ও খাদ্যসামগ্রীতে লাগাতার ভেজাল বিরোধী অভিযানের পর এবার রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সরাসরি পানীয় জলের কারবারকে কড়া নজরে আনল খাদ্য দফতর। সম্প্রতি খাবারের মান নিয়ে একাধিক কড়া পদক্ষেপের পর সরকারের এই নতুন পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়িক মহলে।

খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এই প্রসঙ্গে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “বিগত দিনে যা তৈরি হয়েছে, তা সঠিকভাবে পানীয় জলের মানদণ্ড অনুযায়ী যাচাই করা হবে আমাদের বিভিন্ন দফতর থেকে। যারা সেই মানদণ্ডে পাশ করবে, কেবল তাদের সংস্থাই চালু থাকবে। আর যারা মানদণ্ড বজায় রাখতে পারবে না, তাদের কারখানা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।”

সাম্প্রতিক সময়ে উত্তর দমদম পুরসভার বিভিন্ন এলাকায় অনুমতিহীন ও নিম্নমানের ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ভেজাল জলের কারখানা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে। গত অগাস্ট মাসেই এই বিষয়ে জোরালো পদক্ষেপ ও প্রতিবাদের উদ্যোগ নিয়েছিলেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। শুধু উত্তর দমদমই নয়, অতীতেও কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্যাকেটজাত ও জারবন্দি জলের গুণগত মান নিয়ে বড়ো ধরণের প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।

বিশেষজ্ঞ মহলের মতে, খাদ্য সুরক্ষায় সরকারের সাম্প্রতিক জিরো টলারেন্স নীতি অত্যন্ত প্রশংসনীয় হলেও, এই বেআইনি জলের কারবার পুরোপুরি নির্মূল করতে কতটা কঠোর পদক্ষেপ করা হয়, এখন সেটাই দেখার বিষয়।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *