হাজার হাজার ফ্লাইট বাতিল! চরম বিশৃঙ্খলায় স্তব্ধ ব্রিটেন, চরম দুর্ভোগে যাত্রীরা

ফ্লাইট প্রসেসিং সিস্টেমে আচমকা প্রযুক্তিগত ত্রুটির জেরে বড়সড় বিমান বিভ্রাটের মুখোমুখি হল ব্রিটেন। মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোলে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় দেশজুড়ে বিমান চলাচল সম্পূর্ণ বিঘ্নিত হয়। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24-এর তথ্য অনুযায়ী, হিথরো, স্ট্যানস্টেড, গ্যাটউইক, ম্যাঞ্চেস্টার, লিভারপুল, বার্মিংহাম ও এডিনবরাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এমনকি আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দর থেকেও ক’য়েক ডজন উড়ান বাতিলের খবর মিলেছে।

ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (NATS) সূত্রে জানা গিয়েছে, তাদের ফ্লাইট ডেটা প্রসেসিং সিস্টেমে গুরুতর সমস্যা দেখা দেওয়ায় এই বিশৃঙ্খলা তৈরি হয়। যদিও ইঞ্জিনিয়ারদের তৎপরতায় দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে, তবে তার জেরে হাজারের বেশি বিমান বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ব্রিটিশ এয়ারওয়েজ, রায়ানএয়ার, ইজিজেট, কেএলএম এবং লুফথানসার মতো বড় বিমান সংস্থাগুলির পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একাধিক বিমান সংস্থা বড় অঙ্কের ফ্লাইট বাতিল ও পরিবর্তনের ঘোষণা করেছে। ব্রিটিশ এয়ারওয়েজ ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল বা অন্য গন্তব্যে ঘুরিয়ে দিয়েছে। সস্তা বিমান সংস্থা রায়ানএয়ারের ৬৫ হাজারের বেশি যাত্রী এই বিভ্রাটের জেরে ভোগান্তির শিকার হয়েছেন এবং তারা ৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। ইজিজেট জানিয়েছে, সিস্টেমের ত্রুটির কারণে শুধু ব্রিটেন নয়, পুরো ইউরোপজুড়েই ফ্লাইট চলাচলে ব্যাপক বিলম্ব ঘটেছে।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র জানিয়েছেন, সমস্যাটি অত্যন্ত গুরুতর হওয়ায় এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে। ফ্লাইটের এই প্রযুক্তিগত গোলযোগ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা যাত্রীরা ক্ষোভ উগরে দিয়েছেন। বিমান সংস্থাগুলির তরফ থেকে পর্যাপ্ত তথ্যের অভাব নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন তাঁরা। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে যাত্রীদের নিজ নিজ সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *