“শ্রাবন্তীকে নতুন করে আবিষ্কার করার ধৃষ্টতা আমার নেই!” ‘এরাও মানুষ’ মুক্তির আগে বিস্ফোরক জীতু কামাল

খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অভিনেতা জীতু কামালের নতুন ছবি ‘এরাও মানুষ’। এই সিনেমায় জীতুর বিপরীতে স্ক্রিন শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়া এই ছবিতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি মুক্তির ঠিক প্রাক্কালে ‘আজকাল ডট ইন’-এর মুখোমুখি হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে নানা অজানা প্রসঙ্গে খোলামেলা আড্ডা দিয়েছেন অভিনেতা জীতু কামাল।
শ্রাবন্তীকে নিয়ে জীতুর সাফ কথা
ছবিতে শ্রাবন্তীর সঙ্গে এটি জীতুর দ্বিতীয় কাজ। ফের একসঙ্গে কাজ করার সুবাদে অভিনেত্রীকে নতুনভাবে আবিষ্কার করা নিয়ে প্রশ্ন করা হলে একরকম স্পষ্ট কথা শুনিয়েছেন জীতু। অভিনেতার স্পষ্ট বক্তব্য, শ্রাবন্তী নিজে থেকেই একজন সুপারস্টার। তাঁকে বাসের গায়ে বা গাড়ির সামনে ‘লেডি সুপারস্টার’ ত্যাগ ঝুলিয়ে ঘুরতে হয় না কিংবা বারবার নিজেকে প্রমাণ করার প্রয়োজন পড়ে না। তাঁর সমৃদ্ধ ফিল্মোগ্রাফিই সবটা প্রমাণ করে দেয়। জীতুর কথায়, “তাই তাঁকে নতুন করে আবিষ্কার করার ধৃষ্টতা আমার নেই। শ্রাবন্তী এতদিন ধরে যেভাবে কাজ করেছে, তাতে ও নিজেই নিজেকে প্রমাণ করেছে। ওর কাজের ডেডিকেশন একেবারেই আলাদা লেভেলের।”
রাহুলের মৃত্যুর বিচার প্রসঙ্গে ক্ষোভ জীতুর
প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর যেভাবে প্রতিবাদে সামিল হয়েছিলেন জীতু, তা আজও সকলের মনে রয়েছে। রাহুলের মৃত্যুর বিচার প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা কিছুটা ক্ষোভের সুরেই জানান, এই মামলার তদন্তের জন্য যাঁরা আইনের শরণাপন্ন হয়েছেন বা এফআইআর করেছেন, আসল উত্তর তাঁরাই দিতে পারবেন। তিনি এও বলেন, “তাঁরা সত্যিই বিচার চেয়ে এফআইআর করেছেন, নাকি শুধুই লোকদেখানোর বা শোঅফের জন্য করেছেন, সেটা তাঁরাই বলতে পারবেন। আমি আজও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি।”
পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে জীতু বলেন, “আমাদের এসওপি দরকার ছিল। অথচ তা না করে একাধিক অনুষ্ঠান হয়ে গেল, নতুন সরকার এল, উত্তম কুমারের শতবর্ষ উদযাপিত হল, রাজভবনে খাওয়াদাওয়া চলল। কথাতেই আছে, আমাদের ১২ মাসে ১৩ পার্বণ। এগুলো চলতেই থাকবে। তবে এতকিছুর পরেও আমি এখনও আশাবাদী যে নিশ্চয়ই একদিন সুবিচার মিলবে।”