কালীঘাটে দেবীর গয়না, সম্পদের ভল্টের চাবি ‘ভ্যানিশ’, আদালতের দ্বারস্থ সাবর্ণ পরিবার

কালীঘাট মন্দিরের দেবীর গয়না ও অন্যান্য মূল্যবান সম্পত্তি সুরক্ষিত রাখার ভল্টের চাবি গত ৪৬ বছর ধরে উধাও। এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে এবার দক্ষিণ ২৪ পরগনার জেলা জজের দ্বারস্থ হয়েছে কলকাতার ঐতিহাসিক সাবর্ণ রায়চৌধুরী পরিবার। ভল্টের চাবি নিখোঁজ থাকার ঘটনায় অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ চেয়ে আদালতের কাছে লিখিত আবেদন জানিয়েছে সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি কাউন্সিল।

দক্ষিণ ২৪ পরগনার জেলা জজ পদাধিকারবলেই কালীঘাট মন্দির কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকেন। তাঁর কাছে জমা দেওয়া অভিযোগে ফ্যামিলি কাউন্সিল জানিয়েছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা ওই বিশেষ ভল্টের চাবির কোনও খোঁজ মিলছে না ১৯৮০ সাল থেকেই।

দেবতার উদ্দেশ্যে ভক্তদের নিবেদিত গয়না এবং মন্দিরের নানা মূল্যবান সামগ্রী ওই ভল্টেই সংরক্ষিত থাকে। কাউন্সিলের এক মুখপাত্রের বক্তব্য, চাবিটি না থাকায় দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ভল্টের ভেতরকার পরিস্থিতি যাচাই করা সম্ভব হয়নি। গয়না বা অন্যান্য সামগ্রী সম্পূর্ণ অক্ষত আছে কি না, তা নিয়ে ভক্ত মহলেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। কলকাতার প্রাথমিক ইতিহাস ও বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সাবর্ণ পরিবার মন্দিরের সম্পদ এবং সংশ্লিষ্ট সম্পত্তির আইনি নথিপত্রের বিস্তারিত হিসেবও কর্তৃপক্ষের কাছে তলব করেছে।

সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরীর দাবি, মন্দির সম্পদ সংরক্ষণের জন্য গঠিত বিশেষ কমিটির মেয়াদ অনেক আগেই ফুরিয়েছে। তারপরে আর নিয়মিতভাবে গয়না বা অন্যান্য মূল্যবান সম্পদের হিসেব পরীক্ষা করা হয়নি। দীর্ঘ ৪৬ বছর ধরে চলা এই অনিয়মের জেরে মন্দিরের সম্পত্তি নয়ছয়ের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পরিবার পরিষদ। তাদের মতে, এই ঘটনা কেবল আর্থিক অস্বচ্ছতা নয়, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে লক্ষ লক্ষ ভক্তের গভীর আবেগ ও বিশ্বাস।

পরিবারের আরও অভিযোগ, ২০১৪ সালের পর থেকে মন্দির কমিটির কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যা সম্পত্তির নজরদারি ও সুরক্ষাকে আরও অনিশ্চিত করে তুলেছে। অন্যদিকে, মন্দির কমিটির এক আধিকারিক এই আইনি পদক্ষেপের মুখে জানিয়েছেন, বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন স্তরে গড়িয়েছে, তাই আইনি পথেই উপযুক্ত জবাব দিতে তাঁরা প্রস্তুত। ভারতের অন্যতম প্রধান শক্তিপীঠ কালীঘাটের এই সম্পত্তি সংক্রান্ত বিতর্ক এখন কোন মোড় নেয়, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *