বেতন স্লিপ ছাড়াই মিলবে ক্রেডিট কার্ড! রইল দারুণ সুযোগ, জানুন বিশদে

দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে জরুরি ভ্রমণ—সবক্ষেত্রেই ক্রেডিট কার্ডের চাহিদা এখন তুঙ্গে। তবে নিয়মিত আয়ের প্রমাণপত্র বা স্যালারি স্লিপ না থাকায় শিক্ষার্থী, গৃহবধূ কিংবা নতুন আবেদনকারীদের ক্ষেত্রে সাধারণ ক্রেডিট কার্ড পাওয়া বেশ কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সাধারণত গ্রাহকের ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই, আর্থিক ঝুঁকি কমানো এবং ক্রেডিট লিমিট নির্ধারণ করতে ব্যাঙ্কগুলো বেতন স্লিপ ও আয়কর রিটার্নের মতো নথি বাধ্যতামূলক করে। তবে ইনকাম প্রুফ না থাকলেও বিকল্প উপায়ে ক্রেডিট কার্ড পাওয়ার সুযোগ রয়েছে।

যাঁদের আয়ের আনুষ্ঠানিক প্রমাণ নেই, তাঁদের জন্য সিকিওর্ড ক্রেডিট কার্ড সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প। এই ধরনের কার্ড সাধারণত ব্যাঙ্কে থাকা ফিক্সড ডিপোজিটের বিপরীতে জামানত হিসেবে ইস্যু করা হয়। সাধারণ ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটের পরিমাণের ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ক্রেডিট লিমিট অফার করে থাকে। যেহেতু আমানত জামানত হিসেবে জমা থাকে, তাই ব্যাঙ্কের ঝুঁকি কম থাকে এবং খুব সহজেই এই কার্ডের অনুমোদন মিলে যায়।

এছাড়াও পরিবারের উপার্জনকারী সদস্যের কার্ডের বিপরীতে অ্যাড-অন কার্ডের সুবিধা নিতে পারেন গৃহিণী বা পড়ুয়ারা। আবার নির্দিষ্ট কোনো ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে ভালো লেনদেন ও সঞ্চয় থাকলে, ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে সুসম্পর্কের খাতিরেও ইনকাম প্রুফ ছাড়াই কার্ড পাওয়ার সুযোগ তৈরি হয়। সময়মতো এই সমস্ত কার্ডের বিল পরিশোধ করলে ভবিষ্যতে ভালো ক্রেডিট স্কোর গড়ে তোলা সহজ হয়, যা পরবর্তীকালে বড় ঋণ পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *