ঠোঁটে ঠোঁট ছোঁয়া রোম্যান্স আর ‘আমি তোর শুধু তোর’ আবেগী বার্তা! প্রকাশ্যে আসতেই ঝড়ের বেগে ভাইরাল দেব-শুভশ্রীর নতুন গান

চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সুউচ্চ পাহাড় আর তার ঠিক মাঝখানে নীল-সাদা খোলা আকাশ। সেই মনোরম সর্পিল পাহাড়ি পথেই দেবের বাহুডোরে ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দীর্ঘ ১২ বছর পর রূপোলি পর্দায় পুরনো সেই জাদুকরী রসায়নের প্রত্যাবর্তন ঘটিয়ে অনুরাগীদের মনে রীতিমতো ঝড় তুলে দিল বাংলা সিনেমার জনপ্রিয়তম ‘দেশু’ জুটি। পর্দায় তাঁদের এই মাখোমাখো রোম্যান্স দেখে হু হু করে বাড়ছে নতুন গানের ভিউয়ার্স সংখ্যা।

অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘চ্যালেঞ্জ’ কিংবা ‘পরাণ যায় জ্বলিয়া রে’-র সেই সোনালী নস্ট্যালজিয়াকে উসকে দিয়ে অবশেষে মুক্তি পেল ‘দেশু ৭’ সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’। রবিবাসরীয় বিকেলে দেব ও শুভশ্রী তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যৌথ পোস্ট করে আগেই ভক্তদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। আর সোম সকালে কথা রেখে লাদাখের চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একেবারে অন্যরূপে ধরা দিলেন এই তারকা জুটি।

গানের লিরিক্সে পুরনো প্রেমের জোয়ার
এই নতুন গানটিকে ঘিরে দর্শক ও অনুরাগীদের আবেগ এখন চরমে, যার অন্যতম প্রধান কারণ এর পঙক্তিমালা ও লিরিক্স। বারিশের লেখা প্রতিটি শব্দ যেন শ্রোতাদের ফিরিয়ে নিয়ে গেছে দেব-শুভশ্রীর সেই পুরনো দিনের প্রেমের স্মৃতিতে। গানের এক জায়গায় যেমন ফুটিয়ে তোলা হয়েছে, “পথে যতই আসে আসুক না বাঁধা, তোকে-আমায় করা যাবে না আলাদা, থাকব সাথে থাকব…”—রূপক তিওয়ারির জাদুকরী কণ্ঠ এবং দেবের লিপে এই পঙক্তিগুলি যেন সরাসরি শুভশ্রীকেই উদ্দেশ করে লেখা! এমনটাই মনে করছেন দুই তারকার ভক্তরা।

গানের কথায় নায়িকার প্রত্যুত্তরও সমানভাবে নজর কেড়েছে। জুন দাসের কণ্ঠে যখন ভেসে আসে, “সারা গায়ে মেখে নেব তোকে নিজের হাতে…” ঠিক তখনই স্ক্রিনে ধরা দেয় সেই চরম মুহূর্ত, যেখানে দেবের ঠোঁট আলতো ছুঁয়ে যায় শুভশ্রীর ঠোঁটকে। গানে গানেই উচ্চারিত হয়, “তোরই ছোঁয়া না পেলে ঠোঁটে, জিয়া লাগে না রে, তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না…”। মুক্তির পর থেকেই গানটি নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে এবং ইতিমধ্যেই এর ভিউয়ার্স সংখ্যা প্রায় পাঁচ লাখের গণ্ডি ছুঁতে চলেছে।

নেটপাড়ায় উপচে পড়া প্রতিক্রিয়া
প্রায় এক দশক পর দেব-শুভশ্রীর এই পুরনো রোম্যান্সে বুঁদ হয়ে রয়েছে গোটা নেটপাড়া। লাদাখের পাহাড়ি রাস্তায় ‘দেশু’ জুটির অনবদ্য কেমিস্ট্রি যেন ফিরিয়ে এনেছে ভক্তদের কৈশোর ও যৌবনের প্রেমস্মৃতি। এক অনুরাগী লিখেছেন, “মনে হচ্ছে ছোটবেলা যেন আবার ফিরে পেলাম! এই জুটিকে কত যে মিস করেছি, সেই আগের মতন কেমিস্ট্রি! বারবার শুনতে মন করছে, একবারে মন ভরছে না।” আর এক নেটিজেনের মন্তব্য, “গানের কথাগুলো যেন ওদেরই মনের কথা গানে গানে বলে দিয়েছে।” কেউ আবার সিনেমার সিনেমাটোগ্রাফি, লোকেশন এবং মিউজিকের প্রশংসা করে লিখেছেন, “বারিশদার লেখা, স্যাভির মিউজিক আর রূপকের গাওয়া গানে ছোটবেলার দেব-শুভশ্রীকে ফিরে পেলাম।”

উল্লেখ্য, দেব পরিচালিত ও অভিনীত এই মেগা প্রজেক্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়াও একঝাঁক তারকাকে দেখা যাবে। এই তালিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্থসারথী চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকার, লোকনাথ দে এবং রজতাভ দত্তের মতো নামী অভিনেতারা। টাইমলেস ভালোবাসার গল্পে মোড়া এই বহু প্রতীক্ষিত ‘দেশু ৭’ ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের দুর্গাপুজোয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *