“৫০০ বছরের পুরনো মানচিত্র বদলাচ্ছে রাষ্ট্রপুঞ্জ!”-ভারতের নতুন হুঙ্কারে শোরগোল আন্তর্জাতিক মহলে

প্রায় পাঁচশো বছরের পুরনো মার্কেটর প্রথার প্রচলিত বিশ্ব মানচিত্রে বড়সড় বদল আনতে চলেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ। এতদিন ধরে বিশ্বম্যাপে বিশাল আফ্রিকা মহাদেশকে আকারে ছোট এবং আমেরিকা ও ইউরোপকে তুলনামূলক অনেক বড় করে দেখানো হতো। এই বৈষম্য দূর করতে আফ্রিকান ইউনিয়নের আনা ‘ইকুয়াল আর্থ’ নামক নতুন মানচিত্রের প্রস্তাবের পক্ষে ১৬৪টি দেশ ভোট দিয়েছে এবং একমাত্র আমেরিকা এর বিরুদ্ধে ভোট দিয়েছে। এই পদক্ষেপে পূর্ণ সমর্থন জানালেও জম্মু-কাশ্মীর এবং লাদাখের সীমানা নিয়ে কঠোর অবস্থান স্পষ্ট করেছে ভারত।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্ব মানচিত্রে সব দেশের সঠিক আয়তনের উপস্থাপনাকে সমর্থন করে আফ্রিকান ইউনিয়নের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। জি-২০ জোটে আফ্রিকান দেশগুলির অন্তর্ভুক্তি হোক কিংবা রাষ্ট্রপুঞ্জের এই নতুন উদ্যোগ—সর্বদাই আফ্রিকার পাশে রয়েছে নয়াদিল্লি। তবে একই সঙ্গে ভারতের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মোদী সরকার।

ভারতের দ্ব্যর্থহীন বার্তা, নতুন মানচিত্রে কোনো দেশের বর্তমান সীমান্তে বদল আনা চলবে না। বিশেষ করে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের সরকারি মানচিত্রে যেভাবে ফুটিয়ে তোলা হয়, নতুন বৈশ্বিক ম্যাপেও সেভাবেই দেখাতে হবে। অন্যথায় কোনো ভুল বা বিভ্রান্তিকর উপস্থাপনা ভারত বরদাস্ত করবে না বলেই কূটনৈতিক মহলে বার্তা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *