কমেনি বৃষ্টির দাপট! মঙ্গল ও বুধবার পরিস্থিতি আরও মারাত্মক হওয়ার আশঙ্কা, একনজরে আজকের ওয়েদার আপডেট

দু’দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও রেহাই নেই। আগামীকাল সোমবার থেকে ফের আবহাওয়া বদলে গিয়ে বঙ্গে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেবল দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কোথায় কেমন আবহাওয়া থাকবে?

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর থেকে নিম্নচাপ এলাকার ওপর দিয়ে ডালটনগঞ্জ হয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া রাজস্থান থেকে মণিপুর এবং গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত আরও দুটি অক্ষরেখা বিস্তৃত থাকার কারণেই এই নাছোড় বৃষ্টির আবহ বজায় রয়েছে।

সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় এবং বুধবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির প্রকোপ আরও বেশি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *