বড় বিপদের মুখে গুগল ক্রোম ব্যবহারকারীরা! অবিলম্বে এই কাজটি না করলে হ্যাক হতে পারে আপনার ফোন-ল্যাপটপ!

বিশ্বজুড়ে কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর সুরক্ষায় জরুরি সতর্কতা জারি করল টেক জায়ান্ট গুগল। গুগল ক্রোম ব্রাউজারে একসঙ্গে ১২টি মারাত্মক সিকিউরিটি ত্রুটি ধরা পড়ার পর, উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি জরুরি আপডেট প্রকাশ করা হয়েছে। সংস্থার দাবি, এর মধ্যে একটি অত্যন্ত বিপজ্জনক ‘জিরো-ডে’ (Zero-Day) দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা ইতিমধ্যেই সক্রিয়ভাবে সাইবার হামলা চালিয়ে যাচ্ছে।

কী এই নতুন হুমকি? গুগলের তথ্য অনুযায়ী, নতুন আপডেটটিতে যে ১২টি নিরাপত্তা ত্রুটি ঠিক করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুতর ত্রুটিটি রয়েছে ক্রোমের ‘ভি৮’ (V8) জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে। এর মাধ্যমেই হ্যাকাররা একটি বিশেষভাবে তৈরি এইচটিএমএল (HTML) পেজের সাহায্যে ইউজারের ডিভাইসের রিমোট কন্ট্রোল নিয়ে ম্যালিসিয়াস কোড রান করাতে পারে। এই বছরের জন্য এটি ক্রোম ব্রাউজারে পাওয়া ষষ্ঠ ‘জিরো-ডে’ বাগ, যা ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।

শুধু ক্রোম নয়, সতর্ক থাকতে হবে অন্য ব্রাউজার ব্যবহারকারীদেরও: যেহেতু এই প্রযুক্তিগত সমস্যাটি ক্রোমিয়াম (Chromium) ভিত্তিক ব্রাউজারগুলোতেও প্রভাব ফেলে, তাই মাইক্রোসফট এজ (Microsoft Edge), ব্রেভ (Brave) এবং অপেরা (Opera) ব্যবহারকারীদেরও দ্রুত লেটেস্ট সংস্করণে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে আপডেট করবেন? আপনার ব্রাউজার সুরক্ষিত আছে কি না তা জানতে— ১. ব্রাউজারের ওপরের ডান কোণায় থাকা তিনটি ডটে ক্লিক করুন। ২. এরপর ‘Help’ থেকে ‘About Google Chrome’ অপশনে যান। ৩. সেখানে পৌঁছলেই ব্রাউজার নিজে থেকেই আপডেট চেক করে নেবে এবং লেটেস্ট ভার্সন ইনস্টল হয়ে যাবে। হ্যাকারদের ফাঁদ থেকে বাঁচতে অবিলম্বে এই কাজটি সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *