এক ধাক্কায় আকাশে অকেজো হবে শত্রু ড্রোন! ডিআরডিও-র নতুন ‘শিল্ড’ প্রযুক্তি কীভাবে বদলে দেবে ভারতের সুরক্ষা ব্যবস্থা?

আধুনিক যুদ্ধ মানেই এখন সস্তা ও ছোট ড্রোনের দাপট। আর এক ঝাঁক ড্রোনের এই ঝাঁক থেকে দেশকে সুরক্ষিত রাখতে এবার এক দুর্দান্ত ও অদৃশ্য ‘ড্রোন কিলার’ প্রযুক্তি সামনে আনল ডিফেন্স Research and Development Organisation (DRDO)। সংস্থার নতুন এই উদ্যোগের নাম ‘শিল্ড’ (SHIELD), যার পুরো অর্থ হলো— S-band High-Power Microwave Integrated Evaluation System for Lethality and Damage। গ্যালিয়াম নাইট্রাইড (GaN) প্রযুক্তির ওপর ভিত্তি করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই যন্ত্র তৈরির কাজ শুরু হয়েছে।

কীভাবে কাজ করে এই মাইক্রোওয়েভ প্রযুক্তি? সহজ কথায় বলতে গেলে, বাড়ির মাইক্রোওয়েভ আভেনে খাবার গরম করার ধারণাকেই এখানে বহুগুণ বাড়িয়ে সামরিক কাজে ব্যবহার করা হচ্ছে। হাই-পাওয়ার মাইক্রোওয়েভ (HPM) সিস্টেম খোলা বাতাসে অত্যন্ত শক্তিশালী পাল্স ছুঁড়ে দেয়। যখন এই পাল্স কোনও লক্ষ্যবস্তুর ওপর এসে পড়ে, তখন তার ভেতরের চিপ কাজ করা বন্ধ করে দেয়, কম্পিউটার রিস্টার্ট হয়ে যায় বা ইলেকট্রনিক্স সার্কিট স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। সামরিক পরিভাষায় একে বলা হয় ‘সফট কিল’ (soft kill)। অর্থাৎ, বাইরে থেকে ড্রোনটি অক্ষত দেখালেও তার ভেতরের ক্যামেরা, নেভিগেশন বা ফ্লাইট কম্পিউটার মুহূর্তের মধ্যে অকেজো হয়ে পড়বে। লেজার দিয়ে একটি একটি করে ড্রোন ধ্বংস করার চেয়ে এই মাইক্রোওয়েভ পাল্স একসঙ্গে অনেকগুলো ড্রোনের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর।

কেন বিশেষ এই ‘শিল্ড’ প্রযুক্তি? পুরোনো দিনের হাই-পাওয়ার যন্ত্রে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, যা আকারে বিশাল এবং ভারী হতো। কিন্তু ডিআরডিও-র নতুন GaN প্রযুক্তির সলিড-স্টেট অ্যামপ্লিফায়ার এতটাই ছোট যে একে খুব সহজেই ড্রোনের নিচে বা যুদ্ধবিমানেও ইনস্টল করা সম্ভব। এর জন্য কোনও ওয়ার্ম-আপ সময়ের প্রয়োজন হয় না।

তবে গবেষকদের মতে, SHIELD সরাসরি যুদ্ধক্ষেত্রের অস্ত্র নয়; বরং এটি একটি উচ্চমানের পরীক্ষামূলক ও পরিমাপক যন্ত্র। ল্যাবের ভেতরে শক্তিশালী মাইক্রোওয়েভ হামলা তৈরি করে নিজের দেশের রাডার, কমান্ড পোস্ট বা যুদ্ধবিমান কতটা সুরক্ষিত, তা মাপাই এর মূল লক্ষ্য। শত্রুর মাইক্রোওয়েভ আক্রমণ থেকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে ভারত যে এবার এক বড় ও দূরদর্শী পদক্ষেপ করল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *