Abhishek Banerjee Office: ‘অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই’! ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার কড়া নির্দেশ দমকলের

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল বিভাগ। পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং অগ্নি নিরাপত্তা সংক্রান্ত একাধিক নিয়ম না মানার অভিযোগে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জননিরাপত্তার খাতিরে ভবনের ওই অংশকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে দমকল।

কোথায় অবস্থিত এই দফতর?

৯, অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির মূল ভবনের সপ্তম ও অষ্টম তলায় রয়েছে অভিষেকের এই অফিস। এর আগে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছিলেন যে, ওই দুই তলার জন্য নিয়মিত ভাড়াও মেটানো হয়। তবে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে এবার ওই দুই তলা এবং ভবনের বেসমেন্টটি দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে ভবনের মালিককে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে দমকল বিভাগ।

কী জানিয়েছে দমকল বিভাগ?

দমকল সূত্রে জানা গিয়েছে, ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মালিকপক্ষ এবং ভাড়াটিয়াদের তলব করা হয়েছিল। ভাড়াটিয়ারা নির্দিষ্ট নথিপত্র নিয়ে হাজির হলেও মালিকপক্ষ সেই তলবে সাড়া দেয়নি। এরপর জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখে দমকলের পক্ষ থেকে জানানো হয় যে, ভবনটির অগ্নি নিরাপত্তা শংসাপত্রের মেয়াদ গত ২০২৬ সালের ১০ অগস্ট শেষ হয়ে গেছে। সেটি পুনর্নবীকরণের সুপারিশ করা হলেও তা করা হয়নি।

নিয়ম মেনে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন এবং বৈধ শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই ভবন বা নির্দিষ্ট তলার অংশ ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশিকায় জানানো হয়েছে। দমকলের এই নির্দেশিকার কপি ইতিমধ্যেই কলকাতা পুরসভা, শেক্সপিয়র সরণি থানা এবং সিইএসসি দফতরেও পাঠানো হয়েছে। সাম্প্রতিক নানা রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দমকলের এই নির্দেশে নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *