নেপালে ভয়াবহ বিপর্যয়! মৃত ১২৫০ ছাড়াল, সর্বস্ব হারিয়ে স্কুলঘরে কান্নার রোল

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে সর্বস্বান্ত নেপাল। ভয়াল এই বিপর্যয়ের দীর্ঘ আট দিন পার হয়ে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। সরকারি সূত্রে মিলতি খবর অনুযায়ী, দেশটিতে বিপর্যয়ের জেরে মৃতের সংখ্যা ইতিমধ্যে ১২৫০ ছাড়িয়ে গেছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। প্রিয়জনদের খোঁজে ধ্বংসস্তূপের মাঝে ছুটে বেড়াচ্ছেন স্বজনহারা মানুষগুলো। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালালেও চারদিক থেকে ভেসে আসছে শুধু কান্নার রোল আর দীর্ঘশ্বাস।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নুয়াকোট জেলার দেবীঘাট গ্রামটি। গত ২৬ অগাস্ট এই গ্রামে আচমকায় নেমে আসে বিপর্যয়। চোখের পলকে সম্পূর্ণ ভেসে যায় ৪০০ থেকে ৫৫০টি পরিবার। ঘরবাড়ি হারিয়ে এই অসহায় মানুষেরা এখন আশ্রয় নিয়েছেন প্রায় ১০-১৫ কিলোমিটার দূরে একটি সেকেন্ডারি স্কুলের অস্থায়ী শিবিরে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলেও স্বজন হারানোর বেদনা ভুলতে পারছেন না কেউ-ই।

শিবিরে আশ্রয় নেওয়া এক স্থানীয় বাসিন্দা কান্নাভেজা কন্ঠে জানান, “পুরো গ্রামটাই তো চোখের সামনে ভেসে চলে গেল। আমাদের পরিবারে ৭ জন সদস্য ছিলাম। সেই মুহূর্তে ঘরের ভেতরে তিনজন থাকলেও বাকিরা বাইরে ছিলেন। মুহূর্তের মধ্যে আমাদের সব শেষ হয়ে গেল।”

বর্তমানে নিখোঁজ প্রিয়জনদের সন্ধান পেতে এবং সরকারি সহায়তার আশায় নেপালের বিভিন্ন ত্রাণশিবিরে ভিড় জমাচ্ছেন সর্বস্বহারা মানুষ। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এবং নিখোঁজদের সন্ধান না মেলা পর্যন্ত ত্রাণ ও উদ্ধার অভিযান জারি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *