হঠাৎ দিল্লিতে অমিত শাহের বাড়িতে সৌগত রায়! চিঠিতে ঠিক কী দাবি করলেন প্রবীণ তৃণমূল সাংসদ?

কলকাতা বিমানবন্দরে ক্ষোভ ও হেনস্থার মুখে পড়ার ঘটনায় এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শরণাপন্ন হলেন দমদমের প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার দিল্লির ৭ কৃষ্ণ মেনন মার্গে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে নিজে গিয়ে লিখিত আবেদন ও চিঠি জমা দিয়ে এসেছেন তিনি। যদিও ব্যস্ততার কারণে অমিত শাহের সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাৎ হয়নি বলে জানা গেছে।

কেন স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে সাংসদ?

ঘটনার সূত্রপাত গত ১৮ অগাস্ট। কলকাতা বিমানবন্দর অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে একটি বৈঠক যোগ দিতে গেলে বিমানবন্দর চত্বরে প্রবল বিক্ষোভের মুখে পড়েন সৌগত রায়। তাঁর গাড়ি ঘিরে ধরে একদল উত্তেজিত জনতা ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দেয়, দেখানো হয় কালো পতাকাও।

সেই ঘটনায় নিজের নিরাপত্তার দাবি জানিয়ে এর আগেই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান।

ক্ষোভ প্রকাশ প্রবীণ নেতার:

এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে কিছুটা আক্ষেপের সুরেই সৌগত রায় বলেন, “যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমি সব জায়গায় চিঠি দিয়েছিলাম। কিন্তু একমাত্র প্রধানমন্ত্রীর দফতর ছাড়া আর কোথাও থেকেই চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়নি। তাই আজ বাধ্য হয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এলাম। নিজের এলাকায় দায়িত্ব পালন ও কাজ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তার আবেদন জানিয়েছি। আমরা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ চালিয়ে যাব।”

বিমানবন্দর চত্বরে একজন বর্ষীয়ান লোকসভা সাংসদের নিরাপত্তায় গলদ এবং তার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁর লিখিত আবেদন জানানো নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *