ইংল্যান্ডে লজ্জার হার ঢাকতে মোদীর দেশকে টানলেন নকভি! বললেন, ‘ভারতও তো আয়ারল্যান্ডের কাছে হারে’

ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে লজ্জাজনক পারফরম্যান্সের জেরে কোণঠাসা পাকিস্তান ক্রিকেট দল। প্রথম দুটি টেস্টেই শোচনীয় হারের পর হোয়াইটওয়াশের খাঁড়া ঝুলছে তাদের মাথার ওপর। আর এই চরম ব্যর্থতা ঢাকতে এবং সমালোচকদের মুখ বন্ধ করতে এবার অদ্ভুত যুক্তি দিয়ে সরাসরি ভারতকে টেনে আনলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি।

ইংল্যান্ড সফরে গিয়ে পিসিবি প্রধান সাফাই দিয়ে বলেন, “দক্ষিণ আফ্রিকা তো নামিবিয়ার কাছে হেরে গিয়েছে। আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারত। ওহানে কি ক্রিকেট শেষ হয়ে গিয়েছে?” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের এই বিপর্যয়ের মাঝেও নকভির এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

লর্ডস হারের পরই দলে ভজকট চলমান ইংল্যান্ড সফরে হেডিংলিতে প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানে হারিয়েছিল ইংল্যান্ড। এরপর লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ২-০ তে পিছিয়ে রয়েছে পাকিস্তান। দুই টেস্টের চার ইনিংসে একবারও ২০০ রানের গণ্ডি পার করতে পারেনি তারা। লর্ডসে লজ্জাজনক হারের পর নাটকীয় পদক্ষেপ নেয় পিসিবি। তৃতীয় ও শেষ টেস্টের ঠিক আগে মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক এবং সলমন আলি আগা-সহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। বাদ দেওয়া হয় প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকেও।

দলের অন্দরে এমন চরম ডামাডোল এবং বড় পরিবর্তনের পরও নিজের গদি বাঁচাতে অদ্ভুত অজুহাত দিচ্ছেন নকভি। সমালোচনার মুখে তিনি দাবি করেছেন, হোয়াইটওয়াশের মুখে পড়লেও ওয়ানডে ও টি-২০ ফর্ম্যাটে পাকিস্তান আগের চেয়ে উন্নতি করেছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের এমন নাজেহাল দশা ধামাচাপা দিতে ভারতের প্রসঙ্গ টানায় আন্তর্জাতিক ক্রিকেট মহলে হাসির খোরাক হয়েছেন পিসিবি প্রধান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *