১ অক্টোবর থেকে এসবিআই অ্যাকাউন্টে বড় বদল! বিনামূল্যে এটিএম ব্যবহারের সুযোগ কমতেই কি বাড়বে চাপ?

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের এটিএম লেনদেনের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে, যা সরাসরি প্রভাব ফেলবে অ্যাকাউন্টধারীদের পকেটে। বিশেষ করে স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য এই নিয়ম পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ব্যাংক সূত্রে জানা গেছে, সমস্ত এসবিআই স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টের ক্ষেত্রে সমস্ত কেন্দ্রে অন্য ব্যাংকের এটিএম-এ বিনামূল্যে মাসিক লেনদেনের সংখ্যা ১০ থেকে কমিয়ে ৫ করা হচ্ছে। এই নির্দিষ্ট সীমার মধ্যে আর্থিক এবং অনার্থিক—উভয় প্রকার লেনদেনই অন্তর্ভুক্ত থাকবে। ফ্রি লিমিট শেষ হয়ে গেলে গ্রাহকদের পকেট থেকে বাড়তি টাকা গুনতে হবে। নির্ধারিত সীমার বাইরে প্রতিটি নগদ উত্তোলনের জন্য ২৩ টাকা ও তার সঙ্গে জিএসটি এবং প্রতিটি অনার্থিক লেনদেনের জন্য ১১ টাকা ও জিএসটি ধার্য করা হবে।
তবে স্বস্তির বিষয় হলো, স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট ছাড়া এসবিআই-এর সাধারণ সেভিংস বা অন্যান্য অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে মাসিক ফ্রি লেনদেনের সংখ্যা এবং পরিষেবা চার্জে আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এই গ্রাহকরা সমস্ত কেন্দ্র জুড়ে আর্থিক ও অনার্থিক লেনদেন মিলিয়ে প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন করার সুবিধা পেতে থাকবেন। সাধারণ অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে অতিরিক্ত লেনদেনের চার্জ ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, নিজেদের ব্যাংকের গ্রাহকদের সুবিধা বজায় রাখতে এসবিআই এটিএম-এ প্রতি মাসে ১০টি পর্যন্ত বিনামূল্যে লেনদেনের সুযোগ অব্যাহত থাকছে। এমনকি শৌর্য ফ্যামিলি পেনশন অ্যাকাউন্ট, ফ্যামিলি সেভিংস অ্যাকাউন্ট এবং এসবিআই রিশতে সহ সমস্ত স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টধারীরা যেকোনো এসবিআই শাখা বা এটিএম থেকে সম্পূর্ণ সীমাহীন বিনামূল্যে লেনদেনের সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন নিয়মের গেরোয় পড়ার আগেই তাই গ্রাহকদের লেনদেনের হিসাব মাথায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।