‘নামবদলু মুখ্যমন্ত্রী এবার নামটা কমিশনপুর করে দিন!’ কানপুরের বাজেট দুর্নীতি নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ অখিলেশের

উত্তরপ্রদেশের কানপুর নগর নিগমে বাজেট বরাদ্দ ও উন্নয়নমূলক কাজ নিয়ে চরম অসন্তোষের জেরে অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। ১৫তম অর্থ কমিশন ও নিগমের তহবিল থেকে বরাদ্দ পাওয়া অর্থ বণ্টনে ব্যাপক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন স্বয়ং বিজেপিরই একাধিক বিদ্রোহী বা বাগী কাউন্সিলর। আর এই অভ্যন্তরীণ কোন্দলের মাঝেই আসরে নেমে উত্তরপ্রদেশের যোগী সরকারকে তীব্র কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির (SP) সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
কী নিয়ে শুরু হয়েছে বিতর্ক?
কানপুর নগর নিগম সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৯৪ কোটি টাকা ব্যয়ে মোট ৭৬৫টি উন্নয়নমূলক কাজের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছিল। যার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৩৫০টি কাজ শেষ হয়েছে। কিন্তু এর মধ্যেই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন বিজেপির বাগী কাউন্সিলররা। তাঁদের দাবি, গত সাড়ে তিন বছরে কোন ওয়ার্ডে কত টাকা বরাদ্দ করা হয়েছে, সেই তালিকা প্রকাশ্যে আনতেই চরম অনিয়মের চিত্র স্পষ্ট হয়ে গেছে।
অভিযোগ উঠেছে যে, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা নির্দিষ্ট কিছু কাউন্সিলরের ওয়ার্ডের জন্য এক লাফে ৯ থেকে ১৪ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। যেমন— ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভवानी শঙ্কর রাইয়ের জন্য বরাদ্দ হয়েছে সর্বোচ্চ ১৪.৪১ কোটি টাকা। এর বিপরীতে ৯৪, ৩৮, ৪ এবং ১০ নম্বর ওয়ার্ডের মতো বেশ কিছু এলাকায় বরাদ্দ রাখা হয়েছে একেবারে শূন্য টাকা! পক্ষপাতিত্বের এই অভিযোগে ইতিমধ্যেই ১২৫ কোটি টাকার বেশ কিছু টেন্ডার বাতিল করে নতুন করে ১৬ সেপ্টেম্বর তা করার প্রক্রিয়া শুরু হয়েছে।
অখিলেশ যাদবের তোপ:
শাসক দলের অন্দরে যখন দুর্নীতির এই অভিযোগে রাজনৈতিক পারদ চড়ছে, ঠিক তখনই এক্স (X) হ্যান্ডেলে বা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে যোগী সরকারকে নিশানা করেছেন অখিলেশ যাদব। সরাসরি মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে তিনি লিখেছেন, “নামবদলু মুখ্যমন্ত্রীজি, এবার দয়া করে কানপুরের নাম বদলে ‘কমিশনপুর’ করে দিন!”
বাজেট বরাদ্দে চরম বৈষম্য এবং স্বজনপোষণের এই অভিযোগ নিয়ে বিরোধী দলগুলি এখন একেবারের সরব। কানপুর নগর নিগমের এই আর্থিক অনিয়মের জল যে আগামী দিনে আরও দূর গড়াবে, তা বলাই বাহুল্য।