মোদীর ২৫ বছরের জনসেবা! দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর বিরাট মাস্টারপ্ল্যান, এক ক্লিকে জেনে নিন কর্মসূচি

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বর্ণময় রাজনৈতিক জীবন ও জনসেবার ২৫ বছর পূর্তি পূর্ণ হতে চলেছে। এই বিশেষ মাইলফলকটিকে স্মরণীয় করে রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নয়নের বার্তা পৌঁছে দিতে দেশজুড়ে একগুচ্ছ বর্ণাঢ্য ও মেগা কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে একটানা ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী দেশজুড়ে চলবে এই বিশেষ ‘সেবা সংকল্প অভিযান’ (Sewa Sankalp Abhiyan)।
‘বিকশিত ভারত ২০৪৭’-এর সংকল্প:
প্রধানমন্ত্রীর দীর্ঘ আড়াই দশকের জনসেবা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্নকে পাথেয় করে এই মাসব্যাপী প্রচার ও সমাজসেবামূলক অভিযান সাজানো হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সরকারের জনমুখী নীতিগুলিকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়া এবং নতুন প্রজন্মকে দেশগঠনে উদ্বুদ্ধ করা।
কী কী বিশেষ কর্মসূচি থাকছে?
দেশজুড়ে আয়োজিত এই মাসব্যাপী অভিযানে থাকছে একাধিক চমকপ্রদ ও সামাজিক উদ্যোগ:
আশীর্বাদ কা দিয়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক জীবনের সাফল্য কামনায় দেশের প্রতিটি বুথে বুথে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।
২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত: দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যুক্ত করতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হবে বিশেষ অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা।
নমো সেবা গাথা: গ্রামীণ ও শহরাঞ্চলের সাধারণ মানুষের কাছে সরকারের সাফল্য পৌঁছে দিতে পথেঘাটে পরিবেশিত হবে বিশেষ পথনাটক বা নুক্কড় নাটক।
অঙ্গন কা উৎসব: দেশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের নিয়ে বিশেষ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হবে।
কাহানি বদলাও কি: মোদি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ পেয়ে যাঁদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে, তাঁদের বাস্তব অভিজ্ঞতার গল্প তুলে ধরা হবে এই বিশেষ সেগমেন্টে।
বিশেষ যাত্রাসমূহ: এর পাশাপাশি আয়োজিত হবে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’, ‘সেবা জ্যোতি যাত্রা’ এবং ঐতিহাসিক ‘বডনগর থেকে বারাণসী—জল, জন ও সেবা সংকল্প যাত্রা’।
নাগরিক অংশগ্রহণ: সমাজসেবামূলক নানা কাজে সাধারণ মানুষকে যুক্ত করার লক্ষ্যে ‘সেবা মেরা যোগদান’, ‘সেবা সেতু অভিযান’, ‘রঙ্গোলি রাষ্ট্র’ এবং ‘রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ’-এর মতো আকর্ষণীয় প্রতিযোগিতাও রাখা হয়েছে।
মাসব্যাপী চলা এই সুদীর্ঘ সেবা অভিযানের একদম শেষ পর্যায়ে আগামী ১৭ অক্টোবর একটি বিশাল ও ঐতিহাসিক ‘জনসেবক মহাকুম্ভ’ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।