নামে মাত্র পাঁচতারা, ভেতরে নরককুণ্ড! বিলাসবহুল হোটেলের কুকীর্তি ফাঁস হতেই কড়া পদক্ষেপ এফএসএসএআই-এর

হাজার হাজার টাকা খরচ করে বিলাসবহুল পাঁচতারা হোটেলে খাবার খাওয়ার অভ্যাস থাকলে এবার বড়সড় ধাক্কা খেতে পারেন। দেশের শীর্ষস্থানীয় পাঁচতারা হোটেলগুলির রান্নাঘরে খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘনের চাঞ্চল্যকর চিত্র সামনে আসার পর অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)।

দিল্লি-এনসিআর সহ দেশের বিভিন্ন নামী হোটেলে আকস্মিক পরিদর্শনের সময় রান্নাঘরে তেলাপোকার উপদ্রব, বাসি উপাদান, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য এবং চরম অরিচ্ছন্নতা ও স্যানিটেশনের অভাব দেখতে পান আধিকারিকরা। বিশেষ করে দিল্লির অ্যারোসিটির দুটি বিখ্যাত পাঁচতারা হোটেল—জেডব্লিউ ম্যারিয়ট এবং আন্দাজে এই ধরনের গুরুতর ঘাটতি ধরা পড়ার পরই নড়েচড়ে বসে নিয়ন্ত্রক সংস্থা। সম্প্রতি এফএসএসএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজিত পুনহানি দেশের প্রধান হোটেল সংস্থাগুলির শীর্ষ কর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন যে, খাদ্য নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সমস্ত পাঁচতারা হোটেলকে তাদের রান্নাঘরের কর্মীদের জন্য ফুড সেফটি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন (ফোসট্যাক) প্রদান এবং নিয়মিত তৃতীয় পক্ষের খাদ্য নিরাপত্তা নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় হোটেলগুলির লাইসেন্স বাতিল করার মতো কঠোর পদক্ষেপ করা হবে বলেও সতর্কবার্তা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *