১০০০ টাকার টিকিট পেতে হুড়োহুড়ি! কোন অ্যাপ থেকে কাটবেন ব্রাজিল ম্যাচের টিকিট?

ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ভারত বনাম ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচের টিকিট বিক্রি। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিনিশিয়াস জুনিয়রদের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। আর এই হাইভোল্টেজ ম্যাচ চাক্ষুষ করতে ১ মাস আগে থেকেই টিকিট কেটে ফেলার সুবর্ণ সুযোগ পাওয়ায় উন্মাদনা এখন তুঙ্গে। বুধবার, ২ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকেই অনলাইনে আনুষ্ঠানিকভাবে খুলে গিয়েছে টিকিটের উইন্ডো।
কোথায় এবং কীভাবে কাটবেন টিকিট?
ফুটবলপ্রেমীরা ঘরে বসেই অনলাইনে খুব সহজে এই ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন। জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘District By Zomato’ অ্যাপের মাধ্যমেই ভারত বনাম ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচের টিকিট বুক করা যাচ্ছে। বুধবার বিকেল ৪টেয় উইন্ডো খুলতেই অ্যাপের ‘অনলাইন কিউ’-তে হাজার হাজার ইউজারের উপচে পড়া ভিড় দেখা যায়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, টিকিটের বুকিং শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সবচেয়ে কম দামের টিকিটগুলি শেষ হয়ে যায়।
টিকিটের দাম ও বিভিন্ন ব্লক:
এই মেগা ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছিল ১০০০ টাকা (নির্দিষ্ট ৯৯৯ টাকার টিকিট), যার সঙ্গে যোগ হচ্ছে ১৮ শতাংশ GST। তবে এই রেঞ্জের টিকিট শেষ হয়ে গেলেও নিরাশ হওয়ার কিছু নেই, কারণ দর্শকদের জন্য আরও বিভিন্ন মূল্যের টিকিট উপলব্ধ রয়েছে। গ্যালারির অবস্থান, মাঠ থেকে দূরত্ব এবং ভিউয়ের ওপর ভিত্তি করে টিকিটের দাম বিভিন্ন ব্লকে ভাগ করা হয়েছে:
-
সিলভার ও গোল্ড ক্যাটাগরি: B1 Silver এবং D1 Silver ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ টাকা। এছাড়া B1 ও D1 Gold ব্লকের টিকিট মিলছে ২৫০০ টাকায়। C1 (Left/Right) Silver টিকিটের দাম ২০০০ টাকা এবং Gold ক্যাটাগরি ৩৫০০ টাকা। অন্যদিকে, A1 (Left/Right) Silver টিকিট মিলছে ৩৫০০ টাকায় এবং Gold ক্যাটাগরি ৪৫০০ টাকায়।
-
অন্যান্য ব্লক: B3 ও D3 ব্লকের দাম ৪৫০০ টাকা, B2 ব্লকের দাম ৬০০০ টাকা এবং C3 (Left/Right) ব্লকের টিকিটের দামও রাখা হয়েছে ৬০০০ টাকা। একটু ভালো ভিউয়ের জন্য C2 (Left/Right) ও A3 (Left/Right) ব্লকের টিকিটের দাম যথাক্রমে ৭০০০ টাকা এবং A2 (Left/Right) ব্লকের দাম ৯০০০ টাকা।
-
ভিআইপি বক্স: সবচেয়ে মহার্ঘ্য বা সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০০ টাকা। VIP (Left) ও VIP (Right) ক্যাটাগরির এই টিকিট কাটলে ভিআইপি বক্সে বসে খেলা উপভোগ করা যাবে।
কবে আসছে ব্রাজিল দল?
ক্রীড়া সাংবাদিকমহল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর রাতেই কলকাতায় পা রাখতে চলেছেন ভিনিশিয়াস জুনিয়ররা। শুধু ফুটবলাররাই নন, এই সফরে ব্রাজিল দলের সঙ্গে আসছের মোট ৯৬ জনের একটি বিরাট বহর। অস্ট্রেলিয়া থেকে বিশেষ প্রাইভেট জেটে শহরে পৌঁছবেন তাঁরা। তারকা ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁরা হোটেলেও আলাদা আলাদা রুমে থাকবেন এবং সঙ্গে আনছেন নিজস্ব জিমের সমস্ত সামগ্রী। এর আগে কোন হোটেলে রাখলে খেলোয়াড়দের সুবিধা হবে এবং কোন মাঠে তাঁরা প্র্যাকটিস করবেন, তা খতিয়ে দেখতে গত অগাস্ট মাসেই শহরের পরিকাঠামো ঘুরে দেখে গিয়েছে ব্রাজিলের টেকনিক্যাল টিম।