রিল বানাতে গিয়ে বিপত্তি!, গঙ্গার ঘাটে ক্যামেরার সামনেই তলিয়ে গেলেন যুবক

সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর নেশা যে কতটা মারাত্মক হতে পারে, তার আরও এক মর্মান্তিক প্রমাণ মিলল। রিল বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ঘটা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিখোঁজ ওই যুবকের নাম মহম্মদ তৌহিদ আক্রম (৩০)। তিনি হাওড়ার শিবপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবনের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও রামকৃষ্ণপুর ঘাটে নিয়মিত রিল বানান এলাকার বিভিন্ন কিশোর ও যুবকেরা। অতীতে এই ধরনের বেপরোয়া আচরণের জেরে একাধিক ছোট-বড় দুর্ঘটনাও ঘটেছে। তা সত্ত্বেও স্থানীয় প্রশাসন বা সচেতনতার অভাবের কারণে যুবকদের রিল বানানোর এই প্রবণতা কিছুতেই থামানো যায়নি। গত বুধবার সকাল থেকেই কলকাতা ও হাওড়া-সহ বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছিল। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও সেই বৃষ্টির মাঝেই রিল বানানোর জেদে গঙ্গায় নেমেছিলেন তৌহিদ, আর তাতেই ঘটে বিপত্তি। জলের তোড়ে তিনি মাঝগঙ্গায় তলিয়ে যান।

ঘটনার খবর পেয়েই দ্রুত নিখোঁজ যুবকের সন্ধানে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। যুবকের খোঁজে গঙ্গায় নামানো হয় অভিজ্ঞ ডুবুরি। যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান শুরু হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবকের কোনো হদিশ মেলেনি। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই রামকৃষ্ণপুর ঘাটে স্থানীয় মানুষের উপচে ভিড় জমেছে। পরিবারের কান্না ও উৎকণ্ঠায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *