সলমনের শোয়ে আসমা ফুড়সুৎ নাকি খোদ আমিরের ভাই? ‘বিগ বস ২০’-এর সম্ভাব্য কাস্টিংয়ে বিরাট চমক!

আসন্ন ৬ সেপ্টেম্বর থেকে কালার্স টিভি এবং জিওহটস্টারে শুরু হতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’। বরাবরের মতো এবারও এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন ভাইজান সলমন খান। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সম্ভাব্য প্রতিযোগীদের নামের তালিকা ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। এবারের তালিকায় টেলিভিশন তারকা, রিয়্যালিটি শো জয়ী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে ক্রীড়াজগতের একাধিক পরিচিত মুখ থাকতে পারেন বলে জল্পনা শোনা যাচ্ছে।

সম্ভাব্য প্রতিযোগীদের এই দীর্ঘ তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানের নাম। সম্প্রতি পরিবারের সঙ্গে সমস্ত পুরনো মতবিরোধ মিটিয়ে নেওয়ার কথা প্রকাশ্যে আনায় তাঁর এই রিয়্যালিটি শোয়ে যোগ দেওয়ার খবর দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল তৈরি করেছে। পাশাপাশি, ‘এমটিভি রোডিজ XX’ এবং ‘এমটিভি স্প্লিটসভিলা X6’-এর বিজয়ী কুশল তনওয়ার ওরফে গুল্লু-র নামও রয়েছে এই সম্ভাব্য তালিকায়।

এছাড়াও প্রতিযোগী হিসেবে গায়ক ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কাজি তৌকির, প্রাক্তন শিশুশিল্পী তথা সোশ্যাল মিডিয়া তারকা আরিশফা খান এবং র‍্যাপার ইয়ুং ডিএসএ-র নামও জোরালোভাবে শোনা যাচ্ছে। অন্যদিকে, করণ ওয়াহির প্রাক্তন প্রেমিকা উদিতি সিং-এর অংশগ্রহণ নিয়েও চলছে নানা জল্পনা। যদিও এই তালিকাভুক্ত বেশিরভাগ নামই এখনও পর্যন্ত খোদ চ্যানেল বা নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও শো শুরুর আগেই এই হেভিওয়েট কাস্টিং গুঞ্জন ঘিরে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *