পাপারাজ্জিদের তাড়া খেয়েই দেশত্যাগ? লন্ডনে গিয়ে যেভাবে জীবন কাটাচ্ছেন কোহলি দম্পতি, ফাঁস করলেন মাধুরীর স্বামী

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির পাকাপাকিভাবে লন্ডনে বসবাস শুরু করা নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। কেন এই হেভিওয়েট তারকা দম্পতি ভারত ছেড়ে বিদেশের মাটিতে নতুন করে সংসার গুছিয়ে নিলেন, তা নিয়ে নানা জল্পনা চললেও এবার সামনে এল আসল কারণ। মাধুরী দীক্ষিতের স্বামী তথা চিকিৎসক ড. শ্রীরাম নেনের একটি পুরনো পডকাস্টের সূত্র ধরেই ফাঁস হয়েছে এই চাঞ্চল্যকর তথ্য।

ড. নেনে তাঁর সেই পডকাস্টে প্রকাশ করেছিলেন যে, অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর একান্ত কথোপকথনে বিদেশের মাটিতে থিতু হওয়ার আসল নেপথ্য কারণ স্পষ্ট হয়েছিল। তিনি জানান, মূলত এমন এক শান্তির পরিবেশের খোঁজেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি, যেখানে তারকা খ্যাতির ভিড় থেকে দূরে সন্তানদের একদম সাধারণ চারদেয়ালের মাঝে স্বাভাবিকভাবে বড় করে তোলা সম্ভব হয়।

ভারতবর্ষের মতো দেশে বিরাট ও অনুষ্কার মতো মহাতারকাদের পক্ষে ব্যক্তিগত জীবন বজায় রাখা প্রায় অসম্ভব। সাধারণ কোনো রেস্তোরাঁয় যাওয়া, একটু খোলা হাওয়ায় হাঁটাচলা করা কিংবা দৈনন্দিন সাধারণ জীবন কাটানো— সব জায়গাতেই ক্যামেরা, অতি-উৎসাহী অনুরাগী এবং সেলফি তোলার ভিড়ে তাঁরা প্রতিনিয়ত ঘিরে থাকেন। চব্বিশ ঘণ্টার এই তীব্র নজরদারি এবং অতিরিক্ত জনসমাগম এড়াতেই মূলত লন্ডনের শান্ত পরিবেশকে বেছে নিয়েছেন ভামিকা ও অকায়ের বাবা-মা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চান বলেই এই বড় সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *