মাঠ জোড়া শেড আর ভাঙা প্রমিজ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের জবরদখল সরাতে কড়া পদক্ষেপ আদালতের

ফলতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের অব্যবহৃত অস্থায়ী কাঠামো অবিলম্বে সরিয়ে ফেলার মৌখিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই কাঠামো সরানোর সমস্ত খরচ শাসকদলকেই বহন করতে হবে।

স্থানীয় এক বাসিন্দা ও পেশায় আইনজীবী আমিনুদ্দিন খানের দায়ের করা জনস্বার্থ মামলার ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীর অভিযোগ, ফলতার বিডিও অফিসের পাশের একটি খেলার মাঠ ও পার্ক জবরদখল করে ওই অস্থায়ী নির্মাণ গড়ে তোলা হয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরের পর সেখানে আর কোনো স্বাস্থ্য ক্যাম্প না হলেও বিশাল টিনের শেড ও কাঠামো ফেলে রাখা হয়েছে। এর ফলে মাঠটি খেলাধুলো বা সামাজিক অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে এবং স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা মারাত্মক অসুবিধায় পড়ছে।

আদালতের শুনানিতে মামলাকারীর আইনজীবী নন্দিনী মিত্র জানান, পার্কটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে বারবার আর্জি জানানো হলেও কোনো লাভ হয়নি। এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্য প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করে বলেন, অবিলম্বে ওই অবৈধ কাঠামো সরিয়ে ফেলতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় খরচ নির্মাণকারী পক্ষ অর্থাৎ তৃণমূলকেই দিতে হবে। আদালতের এই নির্দেশের ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *