২২ মিনিটেই ফুল চার্জ! বিলাসবহুল রেঞ্জ রোভারের ইলেকট্রিক মডেলে বুঁদ নেটদুনিয়া

লাক্সারি গাড়িপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এল বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম এসইউভি ব্র্যান্ডের প্রথম ব্যাটারি চালিত গাড়ি। লাক্সারি এবং অফ-রোড ক্ষমতার এক অনন্য উদাহরণ তৈরি করে এবার ইলেকট্রিক অবতারে হাজির হয়েছে রেঞ্জ রোভার ইলেকট্রিক (Range Rover Electric)। আর এই মেগা গাড়িটির প্রি-লঞ্চ বুকিং শুরু হয়ে গেছে ভারতীয় বাজারেও।
ফিচার ও মাইলেজ: এই লাক্সারি ইলেকট্রিক এসইউভিটিতে দেওয়া হয়েছে শক্তিশালী ১১৮.৫ kWh-এর লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং ৮০০V ইলেকট্রিক্যাল আর্কিটেকচার। এর ডুয়াল মোটর সেটআপ থেকে উৎপন্ন হয় ৫৪২ hp শক্তি এবং ৮৫০ Nm-এর দুর্দান্ত টর্ক। কোম্পানির দাবি অনুযায়ী, একবার ফুল চার্জ দিলে ডব্লিউএলটিপি (WLTP) স্ট্যান্ডার্ড অনুযায়ী এটি প্রায় ৬০০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে সক্ষম। এছাড়া ৩৫০kW ডিসি ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে গাড়িটি মাত্র ২২ মিনিটেই ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
অফ-রোড ক্ষমতা ও পারফরম্যান্স: ইলেকট্রিক হওয়া সত্ত্বেও এর অফ-রোড সক্ষমতায় কোনো ঘাটতি রাখা হয়নি। গাড়িটি প্রায় ৮৯ সেন্টিমিটার (৩৫ ইঞ্চি) গভীর জল এবং ৪৫ ডিগ্রি পর্যন্ত খাড়া পাহাড় বা ঢাল অনায়াসেই পেরিয়ে যেতে পারে। ভারতের বাজারে এটি সম্পূর্ণ আমদানি করা (CBU) ইউনিট হিসেবে উপলব্ধ হবে। প্রিমিয়াম সেগমেন্টে মার্সিডিজ-বেঞ্জের ইভি মডেলগুলির সঙ্গে কড়া টক্কর দিতে প্রস্তুত এই নতুন ব্রিটিশ মাস্টারপিস।