রেললাইনে বিরাট বিপর্যয়! ট্রেন চলাচল স্বাভাবিক করতে দিনরাত এক করে লড়াই চালাচ্ছেন ৫০০ কর্মী

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের নিউ হারাঙ্গাজাও স্টেশনে রেললাইন বসে যাওয়া এবং পরিকাঠামোগত সমস্যার জেরে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচলে যে বিঘ্ন ঘটেছিল, তা কাটিয়ে উঠতে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ময়দানে নেমেছেন রেলকর্তৃপক্ষ ও কর্মীরা।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সেকশনটিকে মজবুত করতে এবং রেললাইনের পরিকাঠামো স্থিতিশীল করতে প্রায় ৫০০ জন কর্মী দিন-রাত নিরলস পরিশ্রম করে চলেছেন। কাজের গতি বাড়াতে ২২টি পিসি এক্সকাভেটর, ১২টি জেসিবি, ১৮টি ট্রাক্টরের পাশাপাশি নিউম্যাটিক ড্রিল ও হাইড্রোলিক পাইলিং রিগ-এর মতো অত্যাধুনিক ও বিশেষায়িত যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।
মূলত পাহাড়ি এলাকা থেকে প্রবল বেগে নেমে আসা জলের তোড় এবং ভূগর্ভে জল জমার কারণে নিউ হারাঙ্গাজাও ইয়ার্ডে রেলওয়ে ফরমেশন বসে যাওয়ার সমস্যা দেখা দিয়েছিল। বর্তমানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩ নম্বর লাইনে ট্রেন চলাচল সীমিত রাখা হলেও, আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ২ নম্বর লাইনের পুনরুদ্ধার কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে খুব শীঘ্রই এই সেকশনে আরও বেশি সংখ্যক ট্রেন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।